মামলা নিয়ে অন্ধকারে পুলিশ

এখন পর্যন্ত হত্যাকারীদের সম্পর্কে কোনো তথ্য না পাওয়ায় হতাশ চিকিৎসক কাজী সাবিরা রহমানের পরিবার।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবিরা রহমান
ছবি: সংগৃহীত

চিকিৎসক কাজী সাবিরা রহমান হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে তিন মাস ধরে অন্ধকারে হাতড়াচ্ছে পুলিশ। এই মামলার তদন্তভার তিন সপ্তাহ আগে কলাবাগান থানা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) স্থানান্তর হয়েছে। তবে এখন পর্যন্ত হত্যাকারীদের সম্পর্কে কোনো তথ্য না পাওয়ায় হতাশ তাঁর পরিবার।

গত ৩০ মে সকালে রাজধানীর কলাবাগান প্রথম লেনের তৃতীয় তলার ফ্ল্যাটের শোবার ঘর থেকে চিকিৎসক কাজী সাবিরা রহমান ওরফে লিপির রক্তাক্ত ও দগ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। সাবিরার গলা কাটা, পিঠে ধারালো অস্ত্রের আঘাত ও পোড়া ছিল। তিনি রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালের কনসালট্যান্ট (সনোলজিস্ট) ছিলেন।

পুলিশ কর্মকর্তারা জানান, সাবিরা যে ফ্ল্যাটে থাকতেন, সেটিতে তিনটি কক্ষ। একটি কক্ষে সাবিরা, বাকি দুটি কক্ষে দুই তরুণী থাকতেন। সাবিরার পাশের কক্ষে থাকা কানিজ সুবর্ণা মডেলিং করেন। আরেকটি কক্ষে যে তরুণী থাকেন, তিনি ঈদের আগে বাড়িতে গিয়ে আর ফেরেননি। ওই তরুণী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসনে (বিবিএ) পড়েন।

মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, সাবিরা হত্যায় শুরু থেকে কলাবাগান থানার পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ও পিবিআই ছায়া তদন্ত করে। তারা কানিজ সুবর্ণা, বাড়ির তত্ত্বাবধায়ক ও গৃহকর্মী, ভবনের বাসিন্দা ও সাবিরার সহকর্মী স্বজনসহ অন্তত ৫০ জনকে জিজ্ঞাসাবাদ করে। সাবিরার জব্দ করা মুঠোফোনটির ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন সিআইডি থেকে এসেছে। ওই প্রতিবেদনে তদন্তে কাজে আসবে, এমন কিছু পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের আগে-পরে সাবিরার মুঠোফোনের কল তালিকার ব্যক্তিদেরও জেরা করা হয়েছে।

জিজ্ঞাসাবাদের সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, গত ৩০ মে সকাল ১০টার দিকে বা তার আগে সাবিরার কাছে কে কে এসেছিলেন, বাসার বাইরে থাকায় তা কানিজ দেখেননি বলে পুলিশের জিজ্ঞাসাবাদে দাবি করেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কানিজ চিকিৎসক সাবিরার ভাড়া বাসায় সাবলেটে ওঠেন। সুবর্ণা দাবি করেন, ঘটনার দিন সকাল ছয়টায় তিনি (সুবর্ণা) প্রাতর্ভ্রমণে বের হন। তখন সাবিরার কক্ষের দরজা বন্ধ ছিল। সকাল সাড়ে নয়টায় ফিরে এসে তিনি ওই কক্ষ থেকে ধোঁয়া বেরোতে দেখেন। তখন তিনি দারোয়ানকে ডেকে আনেন। দারোয়ান ডেকে আনেন আরেক নারীকে। পরে মিস্ত্রি ডেকে এনে দরজার তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন তাঁরা। তখন কক্ষটিতে আগুন দেখতে পেয়ে ‘৯৯৯’ নম্বরে জানালে তাদের মাধ্যমে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর পর সাবিরাকে বিছানার ওপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। আগুন নিভিয়ে একটি চাদর দিয়ে দেহটি তাঁরা ঢেকে দেন। পরে পুলিশ এসে সাবিরার লাশ উদ্ধার করে।

পুলিশ কর্মকর্তারা বলেন, ওই বাড়িতে কেউ এলে তা নিবন্ধন করার ব্যবস্থা ছিল না। সাবিরাকে খুন করে খুনিরা চলে গেলেও দরজা ভাঙার আলামত নেই। তাঁকে গায়ে আগুন ধরিয়েও দেওয়া হয়নি। তোশকে ধরে যাওয়া আগুনে তিনি দগ্ধ হন। এ ছাড়া সাবিরা যে বাড়িতে ভাড়া থাকতেন, সেই বাড়ির সামনে সিসি ক্যামেরা ছিল না।

মামলার তদন্ত তদারক কর্মকর্তা পিবিআই ঢাকা মেট্রো উত্তরের পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম গত রোববার রাতে বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনো তাঁরা নিশ্চিত হতে পারেননি। খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী নেই। নতুন করে জিজ্ঞাসাবাদের তালিকা করা হয়েছে। অনেকগুলো কারণ সামনে রেখে তদন্ত এগোচ্ছে। কানিজ সুবর্ণাকে নিয়ে বাদীর সন্দেহের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হত্যা মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এখন পর্যন্ত ময়নাতদন্তের প্রতিবেদন পাননি। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে যোগাযোগ করলে সেখান থেকে বলা হচ্ছে, ডিএনএ প্রতিবেদন হাতে এলে ময়নাতদন্তের প্রতিবেদন তৈরি করে একসঙ্গে পিবিআইকে পাঠিয়ে দেবেন। আর ফায়ার সার্ভিসের প্রতিবেদন পাওয়া গেলে কোনো দাহ্য পদার্থ ছিল কি না, সে বিষয়ে নিশ্চিত হতে পারবেন। উল্লিখিত তিনটি প্রতিবেদন পাওয়া গেলে অনেক গভীরের তথ্য পাওয়া যাবে।

মামলার বাদী সাবিরার মামাতো ভাই রেজাউল হাসান মজুমদার গত রোববার প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের তিন মাস হয়ে গেল, এত দিনেও পুলিশ কিছু বের করতে পারল না। এতে হতাশই লাগে।

কানিজ সুবর্ণাকে সন্দেহ করে তিনি বলেন, ঘটনার বিষয়ে কানিজ সুবর্ণা কিছুই জানেন না, তা তিনি মেনে নিতে পারছেন না। মামলাটি পিবিআই বুঝে নিয়েছে। এখন পিবিআইয়ের কাছে প্রত্যাশা তারা কিছু একটা করবে।