যাত্রাবাড়ীতে নিজ বাসায় ফার্মাসিস্ট মাহাবুবুর রহমান হত্যাকাণ্ড মামলার পুনঃ তদন্তে আদালত নির্দেশ দিলেও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এমনকি আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকিও দিচ্ছে। নিহত মাহাবুবুরের বড় ভাই মতিউর রহমান গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব অভিযোগ করেন।বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, ২০০৭ সালের ২৯ আগস্ট মাহাবুবুর হত্যাকাণ্ডের পর স্ত্রী বসিরুন নেছা লিজাকে প্রধান আসামি এবং ভাড়াটিয়া খুনি আজাদ, জিহাদ, রিয়েলসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডির তদন্ত কর্মকর্তা এরশাদ আলীকে। কিন্তু এরশাদ আলী মনগড়াভাবে বসিরুন নেছাকে তিন নম্বর আসামি করেন এবং মাত্র তিনজনকে চার্জশিটভুক্ত করে অন্যান্য আসামির নাম বাদ দিয়েছেন। এ বিষয়ে নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে তিন মাস আগে আদালত এই মামলার পুনঃ তদন্তের নির্দেশ দেন।কিন্তু আজ পর্যন্ত মামলাটি পুনঃ তদন্তের ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি সিআইডি। এ ছাড়া এই মামলার পলাতক আসামি রিয়েলসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তারের উদ্যোগও নেওয়া হয়নি।আসামি আজাদ, জিহাদসহ গ্রেপ্তার হওয়া সব আসামি ১৬৪ ধারায় জবানবন্দিতে খুনের দায় স্বীকার করেছিলেন। তবে জামিনে বের হয়ে বাদী ও বাদীর পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য তাঁরা বর্তমানে নানাভাবে হুমকি দিচ্ছেন।এ ব্যাপারে ঢাকা মেট্রোর (দক্ষিণ) বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার প্রথম আলোকে বলেন, ‘এরশাদ আলী অবসরে গেছেন। কাগজপত্র দেখে মামলার অবস্থা সম্পর্কে আমি পরে জানাতে পারব।’এদিকে মাহাবুবুরের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ আসর পূর্ব ধলপুর কমিশনার রোডে এক দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও বন্ধুদের অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে মাহাবুবুরের পরিবার।