সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যাকাণ্ডের ৫২ দিন পরও মামলার অগ্রগতি নিয়ে কোনো কথা বলতে রাজি হননি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলা নববর্ষ শান্তিপূর্ণভাবে উদ্যাপন উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা শেষে সাংবাদিকরা এই হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চান স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। কিন্তু তিনি এ নিয়ে কোনো মন্তব্য করেননি। গত ১১ ফেব্রুয়ারি ভোরে রাজাবাজারের ভাড়া বাসা থেকে সাগর-রুনি দম্পত্তির লাশ উদ্ধার করে পুলিশ। ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী ৪৮ ঘন্টার মধ্যে এই ঘটনার তদন্ত শেষ করতে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,পয়লা বৈশাখে বর্ষবরণ উপলক্ষে ঢাকাসহ সারা দেশে নিরাপত্তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওই দিন ঢাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৪ হাজার এবং সারা দেশে ৩০ হাজার সদস্য মাঠে থাকবেন। তিনি বলেন, বর্ষবরণের মূল কেন্দ্র রমনা পার্ক এলাকায় নিরাপত্তাবেষ্টনী তৈরি করা হবে। এ সময় কেউ ওই এলাকায় যানবাহন নিয়ে ঢুকতে পারবে না। তিনি আরও বলেন, বর্ষবরণ উদ্যাপন উপলক্ষে কোনোভাবেই যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে এবং কেউ যাতে এই অনুষ্ঠান নস্যাৎ করতে না পারে, সে জন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হবে।