মামলার দ্রুত নিষ্পত্তিতে সুপ্রিম কোর্টের তদারকি বাড়াতে হবে: আইনমন্ত্রী
মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে অধস্তন আদালতের ওপর সুপ্রিম কোর্টের তদারকি বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি বলেছেন, তদারকি ও অন্যান্য কার্যক্রম সুষ্ঠুভাবে চালাতে সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় থাকা দরকার।গতকাল শনিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে বিকল্প বিরোধ নিষ্পত্তিবিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ও সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ (সেইলস) যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করে।প্রধান অতিথির বক্তব্যে শফিক আহমেদ বলেন, সারা দেশের আদালতগুলোতে প্রায় ৩০ লাখ মামলা ঝুলে আছে। মামলার দ্রুত নিষ্পত্তি বিচারব্যবস্থার ওপর জনগণের আস্থা বাড়াবে। আদালতগুলোর মামলাজটের কারণে বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ঘটছে। ফলে বিচারপ্রার্থীদের নানা দুর্ভোগের শিকার হতে হয় এবং বিচারব্যবস্থার ওপর জনগণের আস্থা নষ্ট হয়।আইনমন্ত্রী জানান, জনগণের দুর্ভোগ লাঘবে সরকার প্রচলিত বিচারব্যবস্থা সংস্কারের উদ্যোগ নিয়েছে। দেওয়ানি ও ছোটখাটো ফৌজদারি বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বিকল্প বিরোধ নিষ্পত্তিব্যবস্থা বাধ্যতামূলক অনুসরণের বিধান করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এ জন্য দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থা সফল করতে বিচারক ও আইনজীবীদের আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। আইনমন্ত্রী বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তিব্যবস্থা বাধ্যতামূলক করা হলে বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও আদালতে মামলার সংখ্যা কমবে। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলাম, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব আশীষ রঞ্জন দাস, যুক্তরাষ্ট্রের লয়োলা ল’ স্কুল সেন্টার ফর কনফ্লিক্ট রেজোলিউশনের পরিচালক মেরি বি কলবার্ট, লয়োলা ল’ স্কুলের শিক্ষক হিরো এন আরাগাকি এবং সেইলের উপপরিচালক উত্তম দাস বক্তব্য দেন। সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে ২৫ জন বিচারক ও ১৭ জন আইনজীবী অংশ নিচ্ছেন।