মামলার বাদী খুনি নিজেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর আগে রাজধানীর কামরাঙ্গীরচরে মো. হাসান (১৮) নামের এক দোকান কর্মচারী খুনের মামলার বাদী হয়েছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস এম মাওলা রেজা। ওই বাদীসহ আরও দুজনকে আসামি করে এ বছর জানুয়ারি মাসে নিহত হাসানের বাবা মুখ্য মহানগর হাকিমের আদালতে হত্যা মামলা করেন। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসানের বাবা ছিদ্দিকুর রহমান এ তথ্য দেন। তিনি অভিযোগ করেন, এস এম মাওলা কামরাঙ্গীরচর থানার পুলিশকে প্রভাবিত করে ছিদ্দিকুর রহমানকে ঘটনার সময় মামলা করতে দেননি। এখন আবার হত্যা মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। সাক্ষ্য না দিতে হুমকি দেওয়া হচ্ছে সাক্ষীদের। তিনি এ ব্যাপারে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি বলেন, এস এম মাওলা প্রতিপক্ষকে ফাঁসাতে হাসানকে গুলি করে হত্যা করেন এবং তিনিই মামলার বাদী হন। আদালতে দায়ের করা মামলার বরাত দিয়ে ছিদ্দিকুর রহমান বলেন, হাসান কামরাঙ্গীরচর লোহারব্রিজ ঢালের তালুকদার টিম্বার নামের একটি দোকানের কর্মচারী ছিলেন। ২০০৯ সালের ৯ জুন কামরাঙ্গীরচর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস এম মাওলা তাঁর প্রতিপক্ষ মনির চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি করেন। লক্ষ্যভ্রষ্ট হলে ওই গুলিতে হাসান আহত হন। পরে মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। সংবাদ সম্মেলনে ছিদ্দিকুর রহমান বলেন, ‘মুই গরিব মানুষ। হাসানের আয় দিয়াই সংসার চইলত। হালুটি (কৃষিকাজ) করলেও তা দিয়া সংসার আর চলে না। দুই পোলা ও দুই মাইয়ার হাসান বড় ছিল।’ তিনি সুষ্ঠু বিচার দাবি করেন। ছিদ্দিকুর রহমানের লিখিত বক্তব্য পড়ে শোনান তাঁর আত্মীয় মাহবুবুর রহমান। এ সময় ছিদ্দিক কান্নায় ভেঙে পড়েন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে এস এম মাওলা প্রথম আলোকে বলেন, ওই সময় নিহত হাসানের বাবা ও দোকানের মালিককে মামলা করার অনুরোধ করা হলেও তাঁরা রাজি হননি। হাসানের বাবাকেও তিনি মামলা করতে বাধা দেননি। পরে তিনি নিজেই বাদী হয়ে মামলা করেন। দ্রুত বিচার ট্র্যাইব্যুনালে সেটির বিচারকাজ চলছে। হাসানের বাবা ও সাক্ষীদের হুমকি দেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন। স্বেচ্ছাসেবক লীগের ওই নেতা বলেন, হাসান হত্যাকাণ্ডের ঘটনায় সোহেল নামের এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছিল। সোহেলকে তিনি চেনেন না। সোহেলের সঙ্গে আসামি হিসেবে তাঁর নামটি জুড়ে দেওয়া হয়েছে।