পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইনের আওতায় করা মামলার সংখ্যা বেশি নয়। কিন্তু মামলাগুলোতে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, মামলার মূল উদ্দেশ্য প্রতিপক্ষকে সংশোধন করা। সে কাজটিই হচ্ছে ওই আইনের আওতায়।বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এ পর্যন্ত এই আইনের আওতায় ২৮টি মামলা করেছে। এর মধ্যে চারটি মামলায় আবেদনকারীর পক্ষে আদেশ হয়েছে। পাঁচটি আদালতের বাইরে আপসে নিষ্পত্তি হয়েছে। ১৯টি মামলা নোটিশ দেওয়া থেকে শুরু করে শুনানির অপেক্ষায় আছে। মামলাগুলোর মধ্যে ২৪টিতেই প্রতিপক্ষ পুরুষ। আবেদনকারীদের বেশির ভাগ তাঁদের স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছেন।ব্লাস্টের হিসাব অনুযায়ী, এ আইনের আওতায় করা মামলা বেসরকারি আইনি সহায়তা প্রদানকারী সংস্থাগুলোর দায়ের করা মামলার ১ শতাংশের কম। ২০১১ সালের জুলাই মাসে নতুন এ আইনের আওতায় প্রথম মামলাটি পরিচালনা করে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ)। তারা এ পর্যন্ত ৪০টির বেশি মামলা পরিচালনা করছে।২০১০ সালের এ আইনটির বিধিমালা এখনো চূড়ান্ত হয়নি। আইনটি তেমন প্রচার না পাওয়া, আইনটি বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের যথাযথ প্রশিক্ষণের অভাবসহ কিছু সমস্যার কারণে এখন পর্যন্ত মামলার সংখ্যাও কম।২০১১ সালের জুলাই মাসে এই আইনের আওতায় প্রথম মামলাটি করেন নির্যাতনের শিকার একজন নারী। গত বছরের ১৯ ফেব্রুয়ারি আইন প্রয়োগকারী কর্মকর্তা, ঢাকা জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রওশন জাহান আফরোজকে শুনানির সময় উভয় পক্ষ একসঙ্গে বসবাস করার জন্য কয়েক মাস সময় চায়। পারিবারিক সম্পর্ক সুরক্ষার জন্য তাঁদের সময় দেওয়া হয়। পরে নির্যাতনের শিকার নারীর স্বামী লিখিতভাবে মুচলেকা দিয়ে বলেন, স্ত্রীর জন্য তাঁর পক্ষ থেকে যা করা দরকার, তা করতে তিনি রাজি আছেন। বাড়িতে স্ত্রীর স্বচ্ছন্দে থাকার জন্য যা করা দরকার, তা-ও করবেন। প্রয়োজনে স্ত্রীর ইচ্ছা অনুযায়ী বাড়ি-জমির মালিকানা হস্তান্তরেও রাজি থাকার কথা জানান তিনি। আগামীকাল সোমবার মহানগর আদালতে (১৮) মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা আছে।আইনটি বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন, এ আইনের আওতায় করা প্রথম মামলাটির মতো অন্যান্য মামলার ক্ষেত্রেও ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে।এ আইনের অধীনে পারিবারিক সম্পর্ক আছে, এমন ব্যক্তির মাধ্যমে পরিবারের কোনো নারী বা শিশু সদস্য শারীরিক, মানসিক, যৌন নির্যাতনের শিকার হলে এবং আর্থিক ক্ষতি হলে তা পারিবারিক সহিংসতার পর্যায়ে পড়বে। আইনের অধীনে সংঘটিত অপরাধ আমলযোগ্য, জামিনযোগ্য ও আপসযোগ্য। আইনে যাঁর বিরুদ্ধে অভিযোগ, তাঁকে আসামি না বলে প্রতিপক্ষ বলা হয়েছে। আইনটি বাস্তবায়ন করছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মহিলাবিষয়ক অধিদপ্তর।অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ হোসেন প্রথম আলোকে বলেন, জেলা ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাদের আইনটির প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। তবে আপসের বিধান থাকায় আইনজীবীরা এ আইনের আওতায় মামলা পরিচালনায় এখনো ততটা উৎসাহী নন।বিএনডব্লিউএলএর নির্বাহী পরিচালক সালমা আলী প্রথম আলোকে বলেন, আগে নির্যাতনের শিকার নারীকে বাড়ি থেকে এককাপড়ে বের করে দেওয়া হতো। এখন এ আইনের আওতায় সব ধরনের সুরক্ষা দেওয়া সম্ভব হচ্ছে।নির্যাতনের শিকার ব্যক্তি এ আইনের আওতায় আদালতে ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারেন। অন্যদিকে সুরক্ষা আদেশের শর্ত না মানলে প্রতিপক্ষ অনধিক ছয় মাসের কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। অপরাধের পুনরাবৃত্তি ঘটলে অনধিক দুই বছর কারাদণ্ড বা অনধিক এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। কারও বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করলে অনধিক এক বছর কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান আছে।