প্রায় চার বছর আগে ২০১৭ সালের ১১ জুন খুন হন বগুড়ার মো. শাহিন (৪০)। হত্যাকাণ্ডের চার বছর পর এই হত্যাকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন চার আসামি। ইতিমধ্যে এক আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পিবিআই বগুড়া জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মো. আকরামুল হোসেন প্রথম আলোকে বলেন, বগুড়ার কাহালুর আখতার বুলু নামের এক লোকের ৯ বিঘা সম্পত্তি দখলে নিতে পূর্বপরিকল্পনা করে শাহিনকে খুন করা হয়। এরপর আখতারকে ফাঁসাতে তাঁর উঠানে রেখে দেওয়া হয় লাশটি। আর এই হত্যার পরিকল্পনা করেন আখতারের ভাগনে রিপন। খুনে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছেন তিনি।
মামা আখতার বুলুর সম্পত্তি ভোগদখলের জন্য রিপন আবুল কালাম আজাদের সঙ্গে ষড়যন্ত্র করেন। তাঁদের পরিকল্পনা ছিল, মামাকে ফাঁসাতে পারলে এই সম্পত্তি তাঁরা নিয়ে নিতে পারবেন।
মামাকে ফাঁসাতে গিয়ে ধরা
মামলার কাগজপত্রের তথ্য বলছে, নিহত শাহিনের গ্রামের বাড়ি বগুড়ার শিবগঞ্জে। ২০১৭ সালের ১০ জুন কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। রাতের বেলায় বাসায় না ফিরলে তাঁর স্ত্রী নানা জায়গায় খোঁজ নিতে থাকেন। পরদিন বগুড়ার কাহালুর আখতার বুলুর বাড়ির টিউবয়েলের সামনে থেকে শাহিনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শাহিনের স্ত্রী বাদী হয়ে মামলা করেন। প্রথম আড়াই বছর মামলাটি তদন্ত করে থানা–পুলিশ।
পরে আদালতের নির্দেশে পুনরায় শাহিন হত্যাকাণ্ডের তদন্তভার পায় পিবিআই। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রিপনকে শনাক্ত করে পিবিআই। গত বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে রিপন জানায়, শাহিন হত্যাকাণ্ডের পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন তাঁর অন্যতম সহযোগী আবুল কালাম আজাদ ওরফে তারা মিয়া। মামা আখতার বুলুর সম্পত্তি ভোগদখলের জন্য রিপন আবুল কালাম আজাদের সঙ্গে ষড়যন্ত্র করেন। তাঁদের পরিকল্পনা ছিল, মামাকে ফাঁসাতে পারলে এই সম্পত্তি তাঁরা নিয়ে নিতে পারবেন। শাহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন আবুল কালাম আজাদ, আসামি রিপন, সোহরাব হোসেন ও আনিছুর রহমান।
পিবিআই বলছে, নিহত শাহিন মাদকাসক্ত ছিলেন এবং ছোটখাটো চুরির সঙ্গে জড়িত ছিলেন। গরু চুরির কথা বলে শাহিনকে সেদিন রাত ২টায় পাঁচিল টপকিয়ে আখতার বুলুর বাড়ির ভেতরে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করা হয়।