মামুন আবদুল গাইয়ুম কিডনি ফাউন্ডেশন ঘুরে দেখলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাপী কিডনি রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। কিন্তু অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোয় সুলভে উন্নতমানের চিকিৎসাসেবা নিশ্চিত করা যাচ্ছে না। সেদিক বিবেচনায় রেখে বাংলাদেশের কিডনি ফাউন্ডেশন ও মালদ্বীপের মামুন ফাউন্ডেশন যৌথভাবে কাজ করবে।মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুম গতকাল বৃহস্পতিবার কিডনি ফাউন্ডেশন পরিদর্শন করতে গিয়ে এই মন্তব্য করেন। সম্প্রতি ঢাকার মিরপুরে ১৫০ শয্যার কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে।মামুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মামুন আবদুল গাইয়ুম তাঁর প্রতিষ্ঠানের চিকিৎসক, সেবিকা ও অন্য কর্মীদের জন্য কিডনি ফাউন্ডেশনে প্রশিক্ষণের সুযোগ সৃষ্টির আহ্বান জানান। জাতীয় অধ্যাপক নূরুল ইসলাম বলেন, মালদ্বীপ বরাবরই বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। সেবা বিনিময়ের মাধ্যমে এ সম্পর্ক আরও দৃঢ় হতে পারে।কিডনি ফাউন্ডেশনের চেয়ারম্যান হারুন আর রশিদ কিডনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠা ও বিকাশ সম্পর্কে মামুন আবদুল গাইয়ুমকে অবহিত করেন। তিনি বলেন, গত সাত বছরে হাসপাতালটিতে ৬৪ হাজার ১৩৫ জন রোগী ডায়ালাইসিস করেছেন। এ ছাড়া গত চার বছরে ১৭৮টি কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। কিডনি ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল মহিবুর রহমান বলেন, মাত্র ৭৫ হাজার টাকা আর ছয়টি ডায়ালাইসিস মেশিন দিয়ে ফাউন্ডেশনটি যাত্রা শুরু করেছিল। সবার সহযোগিতায় এ হাসপাতালটি এখন বড় পরিসরে যাত্রা শুরু করেছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নজরুল ইসলাম, জাতীয় কিডনি ও ইউরোলজি ইনস্টিটিউটের সাবেক পরিচালক শামীম আহমেদ ও ফিরোজ খান, কিডনি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক টিনি ফেরদৌস রশিদ প্রমুখ।