মারধর করে চিকিৎসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাউকে মাসের পর মাস বন্দী করে রাখা হতো। কাউকে আবার পেটানো হতো বেধড়ক। এভাবেই মানসিক রোগের চিকিৎসা চলত রাজধানীর মোহাম্মদপুরের নবাব সিরাজ-উদ-দৌলা মানসিক ও মাদকাসক্ত হাসপাতালে। হাসপাতালের ছিল না কোনো বিশেষজ্ঞ চিকিৎসক। এমনকি স্বাস্থ্য অধিদপ্তরের সনদও।
গতকাল শুক্রবার হুমায়ুন রোডের বি ব্লকের ২/৪ নম্বর বাড়ির চার তলা ভবনের বেসরকারি এই হাসপাতালে অভিযান চালায় র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। হাসপাতালটিতে এ সময় অর্ধশতাধিক রোগী ছিলেন। কিন্তু এত রোগীকে চিকিৎসা দিতেন মাত্র একজন চিকিৎসক।
নানা অভিযোগে র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন হাসপাতালটির মালিক আনোয়ার হোসেনকে ছয় মাসের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা এবং ব্যবস্থাপক সবুজ মণ্ডলকে এক লাখ টাকা জরিমানা করেন।
ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, চার তলা ভবনের সিরাজ-উদ-দৌলা হাসপাতালে ৫২ জন রোগী পাওয়া যায়। এটির স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স ছিল না। কিন্তু বিশেষায়িত হাসপাতাল নামে প্রচার চালিয়ে এখানে চিকিৎসা করা হতো। নিয়ম অনুযায়ী, এ ধরনের হাসপাতালে তিন শিফট মিলিয়ে ১৫ জন চিকিৎসক ও ৩০ জন নার্স দিয়ে চিকিৎসাসেবা দেওয়ার কথা। কিন্তু এখানে মানসিক রোগের কোনো বিশেষজ্ঞই পাওয়া যায়নি। একজন এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসককে দিয়েই দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা করা হচ্ছিল। এ ছাড়া হাসপাতালে রোগীদের মারধর করা হতো। দীর্ঘদিন একটি কক্ষে কয়েদিদের মতো বন্দী রাখায় অনেক রোগী চর্মরোগে আক্রান্ত হয়েছেন।
ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন আরও জানান, হাসপাতালে রোগীদের দেওয়া হতো নিম্নমানের খাবার। রান্না হতো অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে। ওই রান্নাঘরের ভেতরেই রোগীদের খাবার দেওয়া হতো। শ্যামলীর সরকারি মানসিক হাসপাতাল থেকে দালাল চক্রের মাধ্যমে রোগী আনা হতো এখানে। মূল্যতালিকা প্রদর্শন না করে নানা কৌশলে রোগীর স্বজনদের কাছ থেকে ইচ্ছেমতো অর্থ আদায় করা হতো ।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) সামিউল ইসলাম প্রথম আলোকে বলেন, সিরাজ-উদ-দৌলা হাসপাতালের কর্তৃপক্ষকে এর আগেও বেশ কয়েকবার নোটিশ দেওয়া হয়েছিল। গত বৃহস্পতিবার হাসপাতালটি পরিদর্শনের সময় নতুন করে রোগী ভর্তি না করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় র্যা বের সহযোগিতায় হাসপাতালে অভিযান চালানো হয়। এ ধরনের হাসপাতালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এই হাসপাতাল ছাড়াও গতকাল আশপাশের আরও কয়েকটি হাসপাতালে অভিযান চালায় র্যা ব। বিভিন্ন রোগের পরীক্ষার জন্য অত্যন্ত নিম্নমানের উপাদান ব্যবহার, হালনাগাদ লাইসেন্স ছাড়া ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা, চিকিৎসক ও নার্স না থাকা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ল্যাব পরিচালনার অভিযোগে বাংলাদেশ ট্রমা স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপক শাকিলা হককে দুই লাখ টাকা, ভাইটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. কামরুলকে এক লাখ টাকা জরিমানা ও মালিহা হাসপাতালের মালিক আবুল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সিরাজ-উদ-দৌলা ও মালিহা হাসপাতাল দুটি সাত দিনের মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়।