মারধরে আহত কলেজছাত্র চার দিন ধরে সংজ্ঞাহীন
রাজধানীর খিলক্ষেতে মারধরে আহত কলেজছাত্র সাইদুজ্জামান খান (২১) চারদিন ধরে সংজ্ঞাহীন। গত শনিবার সন্ধ্যায় স্থানীয় কয়েকজন দুর্বৃত্ত তাঁকে মারধর করে। পরে পরিবারের লোকজন অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানান।আহত ছাত্রের পরিবারের সদস্যরা জানান, সাইদুজ্জামান উত্তরা টাউন ডিগ্রি কলেজে উচ্চমাধ্যমিকে পড়াশোনা করেন। গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে তিনি খিলক্ষেতের নিকুঞ্জ -২-এর ১০ নম্বর সড়কের বাসা থেকে জিনিসপত্র কেনার জন্য দোকানে যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পর কোনো কারণ ছাড়াই স্থানীয় যুবক খোকন, রন্টি, নিজাম, রক্সি ও রূমানসহ কয়েকজন লাঠিসোঁটা দিয়ে তাঁকে বেদম মারধর করতে থাকে। এতে তিনি অচেতন হয়ে পড়েন। সেখান থেকে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। পরে নেওয়া হয় গুলশানের ইউনাইটেড হাসপাতালে। পুলিশ জানায়, মারধরের ঘটনায় গত রোববার আহত ছাত্রের বড় ভাই কামরুজ্জামান মামলা দায়ের করেন। পরে এ ঘটনায় পুলিশ খোকন ও রন্টি নামের দুই যুবককে গ্রেপ্তার করে।আহত ছাত্রের ভাই কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, খোকন, রন্টি ও নিজাম তিন ভাই, রক্সি ও রুমান হলো খোকনের ছেলে। এদের মধ্যে খোকন ও রন্টি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অন্যরাও এলাকায় সন্ত্রাসী বলে পরিচিত। তবে কী কারণে তাঁর ভাইকে মারধর করা হয়েছে তা তিনি জানেন না। ওই ঘটনার পর মামলা তুলে নিতে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।মামলার তদন্ত কমকর্তা খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) আবদুস ছবুর প্রথম আলোকে বলেন, খোকন ও রন্টি কারাগারে আছেন। বাকিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।