রাজধানীর আদাবর এলাকায় মারধরে আহত আকবর শেখ (২৬) নামের এক যুবক গত রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।হাসপাতাল সূত্র জানায়, আকবর শেখ পরিবার নিয়ে আদাবরের দুই নম্বর সড়ক এলাকার একটি বাসায় থাকতেন। গত শনিবার রাতে সাড়ে ১১টার দিকে খালাতো বোনের স্বামী এখলাসসহ কয়েকজন তাঁকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আদাবর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হযরত আলী বলেন, ঘটনার পর শুভা বেগম বাদী হয়ে এখলাসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ এ মামলায় এখলাস, আবদুল জলিল ও মঞ্জুকে গ্রেপ্তার করেছে।তিনটি অপমৃত্যু: রাজধানীতে গতকাল সোমবার পৃথক ঘটনায় তিনজন মারা গেছেন। তাঁদের মধ্যে দুজন সড়ক দুর্ঘটনায় ও অন্যজন ছাদ থেকে পড়ে মারা গেছেন।তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, গতকাল সকাল নয়টার দিকে যাত্রাবাড়ী পরিবহনের (যাত্রাবাড়ী-গাজীপুর) একটি বাস মোফাজ্জল পালোয়ান (৬৫) নামের এক ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে গাড়ির ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় যুবক (৩০) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বাড্ডার বসুন্ধরা বারিধারা এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মোতালিব (৫২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।