রাজধানীর বাড্ডায় গুলিবিদ্ধ আমির হোসেন (৩০) নামের এক ব্যক্তি গত শুক্রবার রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পরিবার ও পুলিশ জানায়, মাছ চুরির সন্দেহে ৮ জানুয়ারি সকালে স্থানীয় সন্ত্রাসীরা তাঁকে গুলি করে আহত করেছিল। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আমির পরিবারের সঙ্গে উত্তর বাড্ডার তালতলার সাঁতারকুল এলাকার নামাপাড়ার এক বাসায় থাকতেন। গত শুক্রবার সকালে মাছ চুরির সন্দেহে ওই এলাকায় আলমগীর নামের এক ব্যক্তির মাছের খামারের কয়েকজন পাহারাদার তাঁকে গুলি করে। এতে আহত আমিরকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গ্রিন রোডের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১২টার দিকে তিনি মারা যান। নিহত আমিরের বাবা আলিম মিয়া বলেন, ‘ওই খামারের পাশে তাঁদের চাষাবাদের কয়েকটি জমি আছে। ৮ জানুয়ারি ওই জমিগুলোতে কর্মরত কৃষকদের জন্য খাবার দিয়ে ফেরার পথে খামারের পাহারাদাররা তাকে গুলি করে।’ বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ফারুক বলেন, আমিরের বাবার করা মামলায় চান্দু, আমিনুল, পলাশ, তুষার ও পিচ্চি মাসুদ নামের পাঁচজনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।