বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় ৮৮ ভাগ মানুষ সিসাজনিত দূষণের শিকার। সর্বাধিক ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে শিশু ও বয়স্ক ব্যক্তিরা। এ ধরনের দূষণে শিশুদের শরীরের স্বাভাবিক বৃদ্ধি হয় না, তাদের আচরণগত সমস্যা দেখা দেয়, শ্রবণে জটিলতা হয় এবং প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রজনন সমস্যা দেখা দেয়। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) পরিচালিত গবেষণায় দেখা যায়, দেশে প্রতিবছর গড়ে প্রায় ৭৭ হাজার ২২০ মেট্রিক টন শোভাবর্ধনকারী রং তৈরি হয়। এর প্রায় ৯৮ ভাগে সিসার পরিমাণ গ্রহণযোগ্য মাত্রার চেয়ে অনেক গুণ বেশি।গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), এসডো ও বাংলাদেশ রসায়ন সমিতি আয়োজিত ‘সিসাযুক্ত রঙের ব্যবহার ব্যাপকতা: মারাত্মক ঝুঁকি ও আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনারে এসব তথ্য জানানো হয়। মূল প্রবন্ধ উপস্থাপনকারী এসডোর প্রধান গবেষক হোসেন শাহরিয়ার জানান, সিসার উপস্থিতি নিয়ে এ গবেষণায় বাংলাদেশে উৎপাদিত ও আমদানিকৃত সব রকমের রঙে সিসা পাওয়া গেছে। বর্তমানে তিন ধরনের শোভাবর্ধনকারী রং বাজারে পাওয়া যায়—ব্র্যান্ড, ননব্র্যান্ড এবং স্থানীয় রং। খেলনা, ঘরবাড়ি, আসবাবসহ বৈদ্যুতিক জেনারেটর এমনকি প্রসাধনেও এসব রং ব্যবহার করা হয়। বাজার থেকে ২৯ রকমের নমুনা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ও সায়েন্স ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়। ফলাফলে সব রঙে সিসা পাওয়া গেছে। সেমিনারে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, পবার চেয়ারম্যান আবু নাসের খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক জাফর মাহমুদ প্রমুখ।