মার্চে রাজধানীতে অপরাধ বাড়লেও উদ্বেগজনক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরে গত ফেব্রুয়ারির তুলনায় মার্চে অপরাধ বেড়েছে। তবে এ বৃদ্ধি উদ্বেগজনক নয় বলে মনে করে মহানগর পুলিশ।গতকাল বিকেলে রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে অপরাধবিষয়ক মাসিক সভা শেষে এক ব্রিফিংয়ে মহানগর পুলিশের কমিশনার এ কে এম শহীদুল হক এ কথা জানান। অপরাধ-সংক্রান্ত এই সভায় রাজধানীর সব অঞ্চলের উপকমিশনার ও ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মহানগর পুলিশ কমিশনার জানান, এ বছরের মার্চ মাসে রাজধানীতে পাঁচটি ডাকাতি, ১৩টি ছিনতাই, ২৩টি খুনের ঘটনা থানায় রেকর্ড করা হয়েছে। এ সময় নারী ধর্ষণের ঘটনা ঘটেছে ২০টি। এ ছাড়া ১০টি অপহরণ ও ৪৯টি গাড়ি চুরির ঘটনা ঘটেছে এবং ছয়টি ঘটনায় পুলিশ আক্রান্ত হয়েছে। এ হার ফেব্রুয়ারির তুলনায় বেশি—এ কথা উল্লেখ করে কমিশনার বলেন, গত মাসের তুলনায় রাজধানীতে খুন, ছিনতাই ও ধর্ষণ বেশি হয়েছে। তবে ফেব্রুয়ারি ২৮ দিনে হওয়ার কারণে ওই মাসের তুলনায় মার্চে মামলার সংখ্যা বেশি হয়েছে। এ কে এম শহীদুল হক জানান, গত মাসে রাজধানীর ৪১টি থানায় দুই হাজার ৯৮টি মামলার রেকর্ড করা হয়। এর আগের মাসে মামলা রেকর্ড করা হয়েছিল এক হাজার ৯৯৬টি। তবে ২০০৯ সালের মার্চে এ সংখ্যা আরও কম ছিল। কমিশনার বলেন, গত মাসে রাজধানীতে ২৩টি খুনের মধ্যে অবৈধ অস্ত্রের গুলিতে খুন হয়েছে চারজন, পূর্বশত্রুতার জের হিসেবে চারজন, অজ্ঞাত কারণে সাতজন, স্বামীর হাতে দুজন এবং ছিনতাইকারীর ছুরিকাঘাতে খুন হয়েছে আরও দুজন। বাকিরা অন্যান্য অপরাধে খুন হয়েছে। কমিশনার বলেন, রাজধানীতে মাদকের ব্যবহার বেড়ে যাওয়ার কারণে পুলিশ অভিযান শুরু করেছে। এখন মাদক ব্যবসায়ীদের আস্তানায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এতে ভালো ফল পাওয়া যাচ্ছে। গত মাসে পুলিশ হেরোইন থেকে শুরু করে সব ধরনের মাদক উদ্ধার করেছে। তিনি বলেন, গত মার্চে পুলিশ সাড়ে পাঁচ হাজার লোককে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে তালিকাভুক্ত সন্ত্রাসী আছে নয়জন, খুনের আসামি ২৩, ডাকাত ২৭, চাঁদাবাজ চার ও ছিনতাইকারী ২৬ জন। এ ছাড়া মাদক মামলায় ৮৭২ জনকে গ্রেপ্তার করা হয়। কমিশনার বলেন, এক মাসে শুধু ৫৪ ধারায় ১৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গাড়ি চুরির কথা উল্লেখ করে এ কে এম শহীদুল হক বলেন, রাজধানীতে গাড়ি চুরি এখন আগের চেয়ে কমে গেছে। গাড়ি চোর দলের নেতা বিল্লাল ধরা পড়ার পর চুরি কমেছে। গত মাসে মাত্র ৫৯টি গাড়ি চুরি হয়েছে। তবে উদ্ধার হয়েছে ৪৭টি। এর আগে গাড়ি চুরির সংখ্যা আরও বেশি ছিল বলে তিনি জানান। নববর্ষের নিরাপত্তার ব্যাপারে পুলিশ কমিশনার বলেন, জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। তার পরেও পুলিশ ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে।