মালাকারটোলায় পানি নেই ১৫ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার সূত্রাপুরের মালাকারটোলায় ওয়াসার গাড়ি থেকে পানি সংগ্রহ করছেন এলাকাবাসী l প্রথম আলো
পুরান ঢাকার সূত্রাপুরের মালাকারটোলায় ওয়াসার গাড়ি থেকে পানি সংগ্রহ করছেন এলাকাবাসী l প্রথম আলো

পুরান ঢাকার মালাকারটোলায় প্রায় ১৫ দিন ধরে পানির কষ্ট। সূত্রাপুর থানার বিপরীত দিকের এই লোকালয়ে প্রায় ৫০০ পরিবার বসবাস করে।
গতকাল শনিবার এলাকায় গিয়ে পানির কষ্টের কথা জানা যায়।
এলাকাবাসী জানিয়েছেন, বাসার কলে ওয়াসার পানি সরবরাহ হচ্ছে না কেন, তাঁরা জানতে পারেননি। ঢাকা ওয়াসার কাছে আবেদন জানালে দুই গাড়ি পানির ব্যবস্থা করা হয়। বেলা ১১টার দিকে এবং রাত ৮টা থেকে ১০টার মধ্যে গাড়ি দুটি আসে।
সকালে পানির গাড়ি এলে এলাকার নারী-পুরুষ পানির পাত্র নিয়ে হুমড়ি খেয়ে পড়ে। বেশির ভাগ বাসিন্দাই পানি পায় না। এলাকার বিহারি লাল জিঁউ মন্দিরের পাতকুয়া থেকে পানি নিয়ে ফুটিয়ে পান করছে অনেক বাসিন্দা। মন্দিরের ব্যবস্থাপক উত্তম চন্দ্র শীল বলেন, মন্দিরে যারাই আসে তিনি চেষ্টা করেন বাসিন্দাদের মধ্যে সুষ্ঠুভাবে পানি বিতরণ করতে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়েছে মালাকারটোলা। ওয়ার্ডে ওয়াসার চারটি পাম্প থেকেও এলাকার বাসিন্দারা পানি সংগ্রহ করে বলে জানা যায়। তবে মাঝে মাঝেই কোনো না কোনো পাম্প নষ্ট থাকে।