বাসমালিকদের অসহযোগিতার কারণে ঘাটারচর থেকে কাঁচপুর রুটে আগামী পয়লা ডিসেম্বর থেকে কোম্পানির মাধ্যমে বাস চালু হচ্ছে না। বিআরটিসির ৩০টি বাস দিয়ে আগামী ২৬ ডিসেম্বর থেকে এ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু হবে। রাজধানীর গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে গঠিত বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৯তম সভা শেষে কমিটির নেতারা সাংবাদিকদের এসব তথ্য জানান।
আজ রোববার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের বুড়িগঙ্গা হলে এক সভা হয়। এতে কমিটির সভাপতি দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস এবং কমিটির সদস্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
সভা শেষে আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমাদের ইচ্ছার কোনো ত্রুটি ছিল না, সাধ্যমতো চেষ্টা করেছিলাম পয়লা ডিসেম্বর বাস্তবায়ন করার জন্য। কিন্তু বিভিন্ন কারণে আমরা পারিনি। এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, বাসমালিকেরা আমাদের যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁরা সেই প্রতিশ্রুতি রাখতে পারেন নাই।’
ঢাকা উত্তর সিটির মেয়র বলেন, এরই পরিপ্রেক্ষিতে বিআরটিসির সহযোগিতায় আগামী ২৬ ডিসেম্বর থেকে ঘাটারচর থেকে সাইনবোর্ড পর্যন্ত বাস চলাচল শুরু হবে। প্রাথমিকভাবে এ রুটে ১০০টি গাড়ি চলাচল করবে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, বিআরটিসির পক্ষ থেকে এই রুটে ৩০টি বাস দেওয়া হবে, এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রতিটি বাস দোতলবিশিষ্ট।
বাকি ৭০টি বাস ঠিক করতে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হবে জানিয়ে মেয়র বলেন, চাইলে যে কেউ এই রুটে নিয়ম মেনে ব্যক্তিমালিকানাধীন গাড়ি নামাতে পারবেন। ব্যক্তিমালিকানাধীন বাসগুলোকে ১২ ডিসেম্বরের মধ্যে কমিটির কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বিশেষ ব্যবস্থাপনায় নতুন চার হাজার বাস নামানোর উদ্যোগ নিয়েছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক। তিনি মারা যাওয়ার পর দায়িত্ব বর্তায় ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনের ওপর। এরপর তাঁর নেতৃত্বে গঠিত কমিটি ১১টি সভা করেছিল। কিন্তু শৃঙ্খলা ফেরানোর এ উদ্যোগ আর আলোর মুখ দেখেনি।
পরে সাঈদ খোকনের জায়গায় দায়িত্ব পান বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস। গত বছরের অক্টোবর মাসে দায়িত্ব নেওয়ার পর নতুন করে শুরুর ঘোষণা দিয়েছিলেন মেয়র তাপস। তার নেতৃত্বে এখন পর্যন্ত ছয়টি সভা হয়েছে। এ সময়ের মধ্যে ঘাটারচর থেকে কাঁচপুর রুটে পরীক্ষামূলকভাবে বাস চলাচলের জন্য তিন দফা সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সব শেষ বিআরটিসি বাস দিয়ে এ রুটে পরীক্ষামূলক যাত্রায় কথা জানালেন কমিটির নেতারা।
সভা শেষে মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘পয়লা ডিসেম্বর ঘাটারচর থেকে কাঁচপুর রুটে পাইলট প্রকল্পের অংশ হিসেবে বাস রুট রেশনালাইজেশনের মাধ্যমে বাস চালানোর ঘোষণা দিয়েছিলাম। ১ ডিসেম্বর থেকে এ রুটে বাস চালুর যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা ফলপ্রসূ করা যায়নি। তিনি বলেন, দীর্ঘদিনের পুঞ্জিভূত গণপরিবহনের যে বিশৃঙ্খলা, এ বিশৃঙ্খলায় অনেক অংশীজন রয়েছে। সবাইকে শৃঙ্খলায় আনা অত্যন্ত দুরূহের কাজ। তার পরও আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এই কার্যক্রম হাতে নিয়েছি। আমরা সংকল্পবদ্ধ, এটাকে আমরা বাস্তবায়ন করবই।’
বাসমালিকদের অসহযোগিতার বিষয়ে জানতে চাইলে সভা শেষে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ সাংবাদিকদের বলেন, ‘এখানে একটা ভুল–বোঝাবুঝি হয়েছে। মেয়র আনিসুল হকের সময় থেকেই আমরা সহযোগিতা দিয়ে আসছি। এই কার্যক্রম পুরোদমে চালু করার জন্য আমাদের সহযোগিতা সব সময় ছিল।’ তিনি বলেন, ‘ঘাটারচর থেকে কাচপুর রুটে পাইলট প্রকল্প হিসেবে আগামী ১ ডিসেম্বর থেকে যে বাস চালুর কথা ছিল, সেখানে আমরা ১২০টি গাড়ি যেগুলো ২০১৯ সাল পর্যন্ত পারমিট ছিল না সেগুলো নির্ধারণ করেছিলাম। সেই মালিকদের সঙ্গে বারবার সভা করেছি। ডিটিসিএর সঙ্গে সভা করেছি। অনেকবার সভা করে বাসমালিকদের মানসিকভাবে প্রস্তুত করছিলাম। কোন রঙের গাড়ি হবে, তা–ও ঠিক করেছিলাম। একটা গাড়ি রং করে কমিটিকে দেখিয়েছিলাম।’
এনায়েত উল্লাহ বলেন, ‘সবশেষ সভায় সিদ্ধান্ত ছিল যে ৪২০টি গাড়ি যারা রুট পারমিটের জন্য আবেদন করেছিলেন, তাঁদের ছাড়া আর কাউকে দেওয়া হবে না। বিষয়টি সম্পর্কে আমরা অবগত ছিলাম না। তখন আমি বললাম ১২০টি গাড়ি এগুলোর পারমিট নেই। এগুলোকেও ৪২০টির সঙ্গে অন্তর্ভুক্ত করে দেন। তাহলে আমরা এই গাড়িগুলো প্রস্তুত করি। কিন্তু এই প্রস্তাবে তাঁরা সম্মতি দেননি। বলেছেন যে সিদ্ধান্ত ছিল এ সিদ্ধান্তের বাইরে তাঁরা কিছু করবেন না। যার ফলে এটা হয়নি। এখানে আমাদের অসহযোগিতার কোনো কারণ নেই।’
সভা সূত্র বলেছে, আগের সভায় বাস মালিক সংগঠনের পক্ষ থেকে কমিটির কাছে অনুরোধ করা হয়েছিল, ঢাকায় ২০১৯ সালের পরে নামানো ৪২০ বাসের রুট পারমিট এখনো হয়নি। সেখান থেকে বিআরটিএর রুট পারমিট পেলে ১২০টি নতুন বাস দেওয়া হবে ঘাটারচর-কাচপুর রুটে। তবে ইতোমধ্যে বাসমালিকদের পক্ষ থেকে ডিটিসিএর কাছে যে ১০৪টি বাসের তালিকা প্রদান করা হয়েছে, সে তালিকায় মাত্র ৬টি বাস এই রুটে চলাচলের সব শর্ত পূরণ করছে।