ব্যবসায়িক স্বার্থ বা নিরাপত্তার জন্য বিভিন্ন ব্যবসায়িক গোষ্ঠী গণমাধ্যমের মালিক হচ্ছে। নিজেদের অপকর্ম ঢাকাই তাদের প্রধান লক্ষ্য। মালিকানায় সাংবাদিকেরা না এলে গণমাধ্যমগুলো লক্ষ্যচ্যুত হবে।‘গণমাধ্যমের গণতন্ত্রায়ণ ও বিকাশ: একটি মূল্যায়ন’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেছেন। গতকাল শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া (বিজেম) ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে ওই সেমিনার আয়োজন করে।সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাখাওয়াত আলী খান বলেন, গণমাধ্যমের গণতন্ত্রায়ণের জন্য সার্বিক গণতান্ত্রিক সংস্কৃতি অত্যন্ত প্রয়োজন। সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী বলেন, সাংবাদিকতায় একসময় টাকা ছিল না। তবে সাহস আর নীতি ছিল। এখন টাকা থাকলেও নীতি ও সাহস কমে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ আবদুস সালাম, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক দুলাল চন্দ্র বিশ্বাস, ডিপার্টমেন্ট অব ফিল্মস অ্যান্ড পাবলিকেশন্সের মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বিজেমের নির্বাহী পরিচালক মির্জা তারেকুল কাদের প্রমুখ বক্তৃতা করেন। সাংবাদিকদের মধ্যে বক্তৃতা করেন এম এ জলিল ভূঁইয়া, সৈয়দ ইশতিয়াক রেজা, কাজী আবদুল হান্নান প্রমুখ।