মালিকের ভাইকে বাঁচাতে গিয়ে...
চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা কারখানায় ঢুকে গুলি করে মনোয়ারা বেগম (৪০) নামের এক শ্রমিককে আহত করেছে। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে কদমতলীর ধলেশ্বরে এ ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বিকেল পাঁচটার দিকে চার সন্ত্রাসী কদমতলীর ধলেশ্বর এলাকার গুদারাঘাটে হাঁড়ি-পাতিল কারখানা ‘মল্লিক মেটাল’-এ ঢুকে পড়ে। তারা কারখানার মালিক উজ্জ্বলকে খুঁজতে থাকে। একপর্যায়ে কারখানায় উজ্জ্বলের ভাই মনির হোসেন এগিয়ে গেলে চাঁদার দাবিতে সন্ত্রাসীরা তাঁর সঙ্গে তর্ক শুরু করে। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে সন্ত্রাসীদের একজন তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় কারখানার শ্রমিক মনোয়ারা তাঁকে বাঁচাতে গেলে ওই গুলি তাঁর ডান পায়ে লাগে।হাসপাতালে মনির হোসেন সাংবাদিকদের বলেন, ‘মাস তিনেক আগে উজ্জ্বলের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে স্থানীয় সন্ত্রাসী ইদু, মতিন ও সাব্বির। এ নিয়ে স্থানীয়ভাবে সালিসের পর চাঁদাবাজেরা কিছুদিন চুপ থাকে। কিন্তু এক মাস ধরে ওই সন্ত্রাসীরা আবার ২০ লাখ টাকা চাঁদা চেয়ে তাঁর বড় ভাইকে প্রাণনাশের হুমকি দিচ্ছিল।’ কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ুবুর রহমান প্রথম আলোকে বলেন, চাঁদাবাজরা এই ঘটনা ঘটিয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।