মালিকের হয়ে জামিন চাইতে গিয়ে চারজন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকের চেক প্রতারণার দুটি মামলায় মালিকের হয়ে জামিন চাইতে গিয়ে কারাগারে গেছেন চার ব্যক্তি। তাঁরা হলেন, মোবারক হোসেন, আরজু, শাহিদা বেগম ও নিলুফার। গতকাল মঙ্গলবার চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতে এ ঘটনা ঘটে। ডোমিনাস পিজার কর্মচারী মোবারক হোসেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শেখ নুরুল ইসলামের নামে আদালতে আত্মসমর্পণ করে আপিল করার শর্তে জামিনের আবেদন করেন। এ ছাড়া প্রতিষ্ঠানের অপর পরিচালক এস এস এম শফিকুর রহমানের নামে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ার আরজু এবং শিলা ইসলামের নামে শাহিদা বেগম আদালতে আত্মসমর্পণ করেন। তবে বাদীপক্ষের আইনজীবী কামরুজ্জামান আদালতে আসামিদের চ্যালেঞ্জ করলে তাঁরা মালিকের হয়ে হাজিরা দিতে এসেছেন বলে স্বীকার করেন। বিচারক মো. মনির কামাল প্রত্যেককে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে আদালত প্রক্সি দেওয়া ও প্ররোচনার অভিযোগে মামলা করার নির্দেশ দেন। অতিরিক্ত সরকারি কৌঁসুলি মিজানুর রহমান জানান, ডোমিনাস পিজার ব্যবস্থাপনা পরিচালক শেখ নুরুল ইসলাম, পরিচালক শফিকুর রহমান ও শিলা ইসলামকে ব্যাংক চেক প্রতারণার পৃথক দুটি মামলায় গত বছরের ২৬ নভেম্বর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। একটি মামলায় তাঁদের তিন লাখ ১৩ হাজার এবং অন্য মামলায় সাত লাখ ৩৫ হাজার ২৪০ টাকার দণ্ড দেওয়া হয়। দুটি মামলায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আদালতের জেরার মুখে মোবারক স্বীকার করেন, তিনি ওই প্রতিষ্ঠানের কর্মচারী। মালিকের কথায় আদালতে হাজিরা দিতে এসেছেন। শাহিদা বেগম বলেন, মালিবাগ চৌধুরীপাড়ার নিলুফার তাঁকে ডেকে এনেছেন। তাঁকে বলা হয়েছে, আদালত জানতে চাইলে নাম শিলা ইসলাম বলতে হবে। সহকারী সরকারি কৌঁসুলি মুসতাফিজুর রহমান বলেন, আসামিপক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন এ সময় আদালতকক্ষ থেকে কেটে পড়েন। বিষয়টি তিনি জানতেন। ওকালতনামায় দেওয়া আইনজীবী গিয়াস উদ্দিনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। ২০০৮ সালে ডোমিনাস পিজা পাওনা টাকার বিপরীতে ওমান-বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড বরাবর কয়েকটি চেক দেয়। কিন্তু চেকগুলো ন্যাশনাল ব্যাংক মতিঝিল শাখা থেকে প্রত্যাখ্যাত হয়। এ অভিযোগে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পৃথক দুটি মামলা করা হয়। আসামিদের দুটি মামলায় কারাদণ্ড ও অর্থদণ্ড দেন আদালত।