মালিবাগে চায়নিজ রেস্তোরাঁয় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগের মৌচাক মার্কেটসংলগ্ন লিলি প্লাজায় গতকাল রোববার বিকেল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিকেল চারটার দিকে লিলি প্লাজা নামে পাঁচতলা ভবনের দোতলায় একটি চায়নিজ রেস্তোরাঁর রান্নাঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। এ সময় সেখানে অবস্থানরত কর্মীরা নিরাপদে সেখান থেকে বেরিয়ে আসে। এ সময় মগবাজার থেকে মালিবাগ মোড় পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট গিয়ে বিকেল পৌনে পাঁচটার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর আবার যান চলাচল স্বাভাবিক হয়।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান গতকাল বিকেলে বলেন, আগুনে প্রায় দেড় লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।