মালিবাগে টিসিবির পণ্য কিনতে এসে মারামারি
ট্রাকের পেছনের দিকে এক পাশে নারী, আরেক পাশে পুরুষের সারি। নারীদের সারির সামনে এসে দাঁড়ান পেছন থেকে আসা আরও প্রায় পাঁচ নারী। ট্রাকের একেবারে সামনে থাকা কয়েকজন নারী এর প্রতিবাদ জানান। এ সময় তিন নারী প্রথমে ধাক্কাধাক্কি ও পরে হাতাহাতিতে জড়ান। একপর্যায়ে জাহানারা বেগম নামের একজনের মাথা ফেটে যায়।
রাজধানীর মালিবাগ রেলগেটের কাছে আজ মঙ্গলবার বেলা সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে এসে বাগ্বিতণ্ডায় জড়ান স্থানীয় বাসিন্দারা। এ সময় নারী-পুরুষের হইচই সামাল দিতে বেগ পেতে হয় বিক্রয়কর্মীদের।
জাহানারা প্রথম আলোকে বলেন, ‘আমি লাইনের পাশে ছিলাম। ওই নারী আমাকে আগে ছাতা দিয়ে বাড়ি মারে। এরপর আমি তাকে মারি।’ অবশ্য এর আগে জাহানারা বেগমকে বেলা পৌনে একটার দিকে টিসিবির ট্রাক থেকে পণ্য কিনতে দেখা যায়।
মালিবাগ রেলগেটের কাছে দুপুর ১২টার দিকে টিসিবির ট্রাক এসে থামে। তখন থেকেই পণ্য বিক্রি শুরু হয়। এর আগে বেলা ১১টা থেকেই সেখানে নারী-পুরুষেরা ভিড় করেন। এ সময় পুরুষদের সারিতে ছিলেন ৫৮ জন এবং নারীদের সারিতে ছিলেন ৯৪ জন। নারীরা নিজেদের উদ্যোগে হাতে হাতে নম্বর লিখে সিরিয়াল বানিয়ে নেন। আর পুরুষদের সারিতে কোনো সিরিয়াল ছিল না। পুরুষেরা লাইন ধরে দাঁড়িয়েছিলেন। তবে নারী ও পুরুষের উভয় সারিতে কিছুক্ষণ পরপর ‘কে আগ কে পরে’, এসব নিয়ে হইচই হতে দেখা যায়। বেলা গড়াতেই নারী-পুরুষের সারি আরও দীর্ঘ হতে থাকে।
মালিবাগে টিসিবির পণ্য ভ্রাম্যমাণ ট্রাকে করে বিক্রি করে এসএন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। ট্রাকের বিক্রয় প্রতিনিধি মো. সুমন জানান, আজ ট্রাকে করে ৫০০ লিটার তেল, ৬০০ কেজি করে ডাল ও চিনি এবং ৪৫০ কেজি পেঁয়াজ এসেছে। সব বিক্রি শেষ। তিনি জানান, বেলা সাড়ে তিনটার দিকে তেল ও পেঁয়াজ শেষ হয়ে যাওয়ায় বাকি থাকা ১৫০ কেজি করে চিনি ও ডাল সাধারণ মানুষের মধ্যে বিক্রি করা হয়। তারপরও কিছু মানুষ ফেরত গেছে। সবাইকে তো আর দেওয়া সম্ভব নয়।
নারীদের মারামারি প্রসঙ্গে মো. সুমন বলেন, পণ্য কিনতে এসে মারামারি করা, এটা মানুষের স্বভাব। তারা ঝামেলা করেই। সিরিয়াল বা নম্বর দিয়েও এই ব্যবস্থাপনা ঠিক করা যায় না। মানুষ কথা শুনতে চায় না।
এসএন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হুমায়ূন কবীর প্রথম আলোকে বলেন, প্রতিদিনই টিসিবির ট্রাকের সামনে মানুষ বাড়ছে। প্রায় প্রতিদিনই ৫০ থেকে ১০০ জনকে ফেরত যেতে হয় পণ্য না পেয়ে। তখন কিছু করার থাকে না। পণ্য কিনতে এসে অনেকেই সিরিয়াল মানে না। সিরিয়াল যদি তাঁরা ঠিক করতে যান, তাহলে পণ্য বিক্রি করবেন কে?
দুই লিটার তেলের জন্য চার ঘণ্টার কষ্ট
৫৮ বছর বয়সী রাহেলা বেগমের বাসা পশ্চিম মালিবাগে। তিনি কম দামে টিসিবির পণ্য কিনতে আসেন বেলা ১১টার দিকে। প্রচণ্ড রোদে দাঁড়িয়ে থেকে এই নারী ক্লান্ত হয়ে পড়েন। বেলা তিনটার দিকে তিনি তেল, চিনি, ডাল ও পেঁয়াজ কিনতে পারেন। এ সময় তিনি অসুস্থ হয়ে রাস্তাতেই বসে পড়েন। আশপাশের মানুষ তাঁকে ফুটপাতে বসিয়ে মাথায় পানি দেন।
রাহেলা প্রথম আলোকে বলেন, ‘বাজারে তেলের দাম (প্রতি লিটার) প্রায় ১৮০ টাকা। এত দাম দিয়ে তেল কেনার সামর্থ্য নেই। আমরা গরিব মানুষ। বাসায় ছেলে, নাতি আছে। কম দামে পাই বলে এখানে আসি। কিন্তু দুই লিটার তেলের জন্য চার ঘণ্টা কষ্ট করা লাগে। এই কষ্ট কাউরে বুঝাইতে পারুম না।’
তেল না পেয়ে অভিযোগ
মালিবাগের টিসিবির ট্রাকে বেলা সোয়া দুইটার দিকে পেঁয়াজ শেষ হয়ে যায়। ঠিক এর এক ঘণ্টা পর তেলও শেষ হয়ে যায়। এরপর বাকি থাকা চিনি ও ডাল বিক্রি চলতে থাকে। সব পণ্য বিক্রি শেষ হয় বিকেল চারটার দিকে। এ সময় আরও ৩০ জনের মতো ট্রাকের পেছনে দাঁড়িয়েছিলেন। তাঁরা কিছু কিনতে না পেরেই ফেরত যান।
তেল কিনতে না পেরে ক্ষোভ জানান ৬০ বছর বয়সী ফাতেমা বেগম। তিনি মালিবাগের গুলবাগের বাসিন্দা। তিনি প্রথম আলোকে বলেন, বেলা ১১টায় টিসিবির পণ্য কিনতে লাইনে দাঁড়িয়েছিলেন। কিন্তু বেলা সাড়ে তিনটার দিকে এসে তিনি তেল কিনতে পারেননি। ফাতেমা বেগম বলেন, ‘অনেকে মারামারি করে তেল নেয়। দুইবার তেল নিয়েছেন, এমন নারীও লাইনে ছিলেন। কিন্তু আমরা এসব পারি না। শুধু ডাল আর চিনি পেয়েছি। এই যে রোদে দাঁড়িয়ে থেকে অনেক কষ্ট আমাদের। কষ্ট করেও তেল কিনতে পারলাম না। গরিবের কথা লিখে কী করবেন?’
পেঁয়াজের মান নিয়ে অভিযোগ
টিসিবির ট্রাকে প্যাকেজ হিসেবে থাকে দুই কেজি করে চিনি ও ডাল, পাঁচ কেজি করে পেঁয়াজ এবং দুই লিটারের একটি তেলের বোতল। এই প্যাকেজের দাম পড়ে ৬১০ টাকা।
ট্রাক থেকে পণ্য কিনতে এসে পেঁয়াজের মান নিয়ে অভিযোগ করেন অনেকে। মালিবাগের এই ট্রাকের সামনে অন্তত সাতজনের বক্তব্য, টিসিবির ট্রাকে যে পেঁয়াজ বিক্রি করা হয়, তার বেশির ভাগই নিম্নমানের ও পচা।
রামপুরার বাসিন্দা মো. লিটন হোসেন বাজারে বাজারে ঘুরে ব্যাগ বিক্রি করেন। এ কাজে তাঁর মাসিক আয় ১২ হাজার টাকা। তাঁর স্ত্রী বাসাবাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে পান ১ হাজার ৫০০ টাকা। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ায় সংসার চালাতে কষ্ট হয় বলে জানান লিটন হোসেন। তিনি বলেন, সব জিনিসের দাম বাড়তি। ইচ্ছা করলেও গরুর মাংস খেতে পারেন না। আগে মাসে দুই থেকে তিনবার মুরগির মাংস খেতে পারতেন। এখন সেটাও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
টিসিবির পণ্য কেনা শেষে লিটন বলেন, ‘এই পেঁয়াজ একদম ভালো না। পাঁচ কেজির মধ্যে অর্ধেকই পচা। বেশির ভাগ পেঁয়াজে চারাগাছ গজিয়েছে। আমি কেবল তেল ও চিনি কিনতে চেয়েছিলাম। কিন্তু টিসিবি প্যাকেজ ছাড়া বিক্রি করে না।’
তেল ছাড়াই ঘরে ফেরেন রাজিয়া
মালিবাগের গুলবাগের বাসিন্দা সুলতানা রাজিয়া। বাসায় তেল নেই বলে কম দামে টিসিবির ট্রাক থেকে তেল কিনতে আসেন। বেলা দেড়টায় এসে বিকেল চারটা পর্যন্ত দাঁড়িয়েও তিনি তেল পাননি। অবশ্য চিনি ও ডাল পেয়েছেন। রাজিয়া প্রথম আলোকে বলেন, ‘এতক্ষণ দাঁড়িয়ে তেল পাইনি। কারণ, এখানে লাইনে দাঁড়িয়ে অনেকে দুই থেকে তিনবার করে পণ্য নেন, কোনো সিরিয়াল মানেন না। টিসিবির লোকেরাও কোনো টোকেন দেন না। টোকেন বা ভোটার আইডি কার্ডের ব্যবস্থা থাকলে এই সমস্যাগুলো হতো না।’