মালিবাগে তরুণীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়ায় একটি আবাসিক হোটেলের সামনে থেকে গত মঙ্গলবার রাতে সীমা আক্তার (১৮) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।রামপুরা থানা সূত্র জানায়, গত মঙ্গলবার রাত নয়টার দিকে ৭১/বি মালিবাগ চৌধুরীপাড়ার মিরাজ আবাসিক হোটেলের সামনের রাস্তা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। গতকাল বুধবার দুপুরে পুলিশের কাছে খবর পেয়ে নিহত সীমার বড় বোন পারভীন আক্তার লাশ শনাক্ত করেন।পারভীন জানান, সীমা এমব্রয়ডারি কারখানার কর্মী ছিলেন। গত মঙ্গলবার সকালে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। তাঁরা মিরপুর থানার ৩৪৮ পশ্চিম শেওড়াপাড়ায় থাকতেন।ঘটনার তদন্তকারী কর্মকর্তা রামপুরা থানার এসআই শ্যামল চন্দ্র রায় জানান, লাশ উদ্ধারের আগে মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে র্যাব সদস্যরা মালিবাগ চৌধুরীপাড়ার ওই ভবনের মিরাজ আবাসিক হোটেলে অভিযান চালান। রাত সাতটা ৪০ মিনিটে সীমা ওই ভবন থেকে পড়ে মারা যাওয়ার খবর তিনি শুনেছেন বলে জানান। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।অভিযানের নেতৃত্ব দেওয়া র্যাব-৩-এর মেজর এমারত হোসেন প্রথম আলোকে বলেন, মিরাজ হোটেলে অনৈতিক কার্যকলাপ চলছে—এমন খবরে অভিযান চালানো হয়। এ কাজে জড়িত থাকার অভিযোগে ১১ জন পুরুষ ও নয়জন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। সীমার বাবার নাম মফিজউদ্দিন। গ্রামের বাড়ি ভোলা শহরের ব্যাংকের হাট এলাকায়।