মালিবাগে শিক্ষানবিশ দন্ত চিকিৎসকদের কাণ্ড
দরিদ্র শিশুদের লোভ দেখিয়ে ধরে নিয়ে তাদের দাঁত তুলে চিকিৎসা চর্চার অভিযোগ উঠেছে রাজধানীর মালিবাগের সিটি ডেন্টাল কলেজের শিক্ষানবিশ চিকিৎসকদের বিরুদ্ধে। এ অভিযোগে গতকাল সোমবার দুপুরে কলেজটি ঘেরাও করে এলাকাবাসী। পরে ঘটনা তদন্তে র্যাব ৩-এর একটি দল সেখানে গিয়ে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।র্যাব ৩-এর কর্মকর্তা ক্যাপ্টেন শরীয়ত প্রথম আলোকে জানান, গতকাল সকালে সঞ্চিতা নামে আট বছরের এক শিশুর সামনের পাটির দুটি দাঁত তুলে নেন সিটি ডেন্টাল কলেজের শিক্ষানবিশ চিকিৎসক কানিজ ফাতেমা। পরে ওই শিশুর মা-বাবা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিকেল তিনটার দিকে কলেজটি ঘেরাও করে। এলাকাবাসী র্যাবের কাছে অভিযোগ করে, ওই কলেজের শিক্ষানবিশ চিকিৎসকেরা মাঝেমধ্যেই শিশুদের মজাদার খাবারের লোভ দেখিয়ে নিয়ে গিয়ে দাঁত তুলে ফেলেন, বিভিন্ন সময় শিশুদের দাঁত নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করেন।