মালিবাগে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু
রাজধানীর রামপুরা থানার মালিবাগ চৌধুরীপাড়ায় ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সবশেষ মারা যাওয়া ব্যক্তির নাম মো. সিদ্দিক (৫০)। আজ সোমবার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।
গত বুধবারের এই বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে মোট তিনজনের মৃত্যু হলো। মারা যাওয়া সিদ্দিকের শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছিল।
একই ঘটনায় গতকাল রোববার মারা যান দোকানমালিক নাদের আলী (৫০) এবং হেলাল উদ্দিন শেখ (৫০)। নাদেরের শরীরের ৪৩ আর হেলালের শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে মালিবাগ চৌধুরীপাড়ার একটি ভাঙারি দোকানের মালামাল ট্রাকে তোলার সময় হাত থেকে পড়ে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে পাঁচজন দগ্ধ হন।
দগ্ধ ব্যক্তিদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এখানে বর্তমানে নূর নবী ও ইউসুফ নামের দুজন চিকিৎসাধীন।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন প্রথম আলোকে বলেন, নূর নবীর শরীরের ৪২ আর ইউসুফের শরীরে ১২ শতাংশ দগ্ধ হয়েছে, তাঁদের চিকিৎসা চলছে।