মাসুদ হত্যার অভিযোগে পুলিশসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবহন-শ্রমিক মাসুদকে হত্যার অভিযোগে রাজধানীর শাহ আলী থানার পুলিশসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মাসুদের বাবা দাদন মিয়া এ মামলা করেন। মহানগর হাকিম মনিরুজ্জামান বাদীর জবানবন্দি গ্রহণ করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।আসামিরা হলেন: ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান, এসআই মো. জাহিদ, এএসআই মশিউর রহমান ও মোয়াজ্জেম হোসেন এবং স্থানীয় আসামিরা হলেন, নান্টু, আইয়ুব আলী, কুদ্দুস, সেন্টু, শামীম ও সকির।মামলায় অভিযোগ করা হয়, গত ২৫ মার্চ সন্ধ্যার দিকে চারজন সাদা পোশাক পরা পুলিশ সদস্য মাসুদকে ডেকে মিরপুর চিড়িয়াখানা রোডে নিয়ে যান। মাসুদের বন্ধু হিমেলও তাঁর সঙ্গে যান। পরে হিমেল চলে যান। এ সময় এসআই জাহিদ মাসুদকে দৌড় দিতে বলেন। মাসুদ দৌড় দেওয়ার পরপরই তাঁকে গুলি করা হয়। পুলিশ ঘটনার এক ঘণ্টা পর মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, খুব কাছ থেকে মাসুদকে গুলি করা হয়েছিল। কিন্তু পুলিশের ভয়ে পথচারী কেউ কথা বলতে পারেনি। তবে পুলিশ হত্যাকাণ্ডের এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে মাসুদের বিরুদ্ধে পুলিশের কর্তব্যকাজে বাধা এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করেছে।