মাস্ক কারও থুতনিতে, কারও পকেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিকশা চালকের মুখে মাস্ক থাকলেও যাত্রীদের মুখে ছিল না
ছবি: জহির রায়হান

রাজধানীর রবীন্দ্র সরোবরে বসে গল্প করছিলেন বেসরকারি একটি প্রতিষ্ঠানের সহকর্মীরা। কারও মুখেই মাস্ক নেই। এমন সময় সেখানে হাজির হন প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। দেখা গেল, চার সহকর্মীর সবার সঙ্গেই মাস্ক আছে। কিন্তু সেটা মুখে না পরে রেখেছেন পকেটে। মুখে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালত তাঁদের ৪ জনকে ৪০০ টাকা জরিমানা করেন।

আজ সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা মহানগরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সত্তরোর্ধ্ব খালেক শিকদার ডায়াবেটিস রোগী। ধানমন্ডির ৮ নম্বর রোডে মেয়ের বাসায় তিনি থাকছেন। অবসর পেলেই তিনি রবীন্দ্র সরোবরে চলে আসেন।

আজকেও তিনি রবীন্দ্র সরোবরে এসেছেন, কিন্তু মাস্ক ছাড়া। ভ্রাম্যমাণ আদালত দেখে তিনি কিছুটা লজ্জিত হন। এ প্রতিবেদককে বলেন, তিনি নিজেও করোনার ঝুঁকিতে আছেন। তিনি অনেক দিন ধরে ডায়াবেটিস ও টাইফয়েড রোগে ভুগছেন।

মাস্ক নেওয়ার কথা খেয়াল থাকে না। ভুল হয়ে যায়।
খালেক শিকদার

ভ্রাম্যমাণ আদালত তাঁকে একটি মাস্ক উপহার দেন।

রবীন্দ্র সরোবরের গল্পগুজব করে সময় কাটাচ্ছিলেন বেশ কয়েকজন তরুণ-তরুণী। তাঁদের বেশির ভাগের মুখে মাস্ক ছিল না। এ সময় তাঁদের মাস্ক পরা নিয়ে সচেতন করা হয়।

মাস্ক ছাড়াই বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন এই তরুণ
ছবি: প্রথম আলো

ব্যস্ত সড়ক। অথচ চলাচলকারী বেশির ভাগ মানুষের মুখে মাস্ক দেখা যায়নি। ধানমন্ডি থেকে রাজারবাগের দিকে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন সুমন মিয়া ও রফিকুল হক। ভ্রাম্যমাণ আদালত দেখে সুমন মাস্ক পকেট থেকে বের করে পরলেও রফিকুলের মাস্ক নেই। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বললেন, মাস্ক রাস্তায় পড়ে গেছে

রিকশাচালক শিমুল মিয়ার মাস্ক আছে। কিন্তু সেটা থুতনিতে। মাস্কটি পুরোনা হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে তাঁকে একটি নতুন মাস্ক দেওয়া হয়।

রাজধানীর নিউমার্কেট থেকে কেনাকাটা করে রিকশায় ফিরছিলেন কামরুজ্জামান দম্পতি। রিকশাচালকের মুখে মাস্ক আছে। কিন্তু তাঁদের মুখে মাস্ক নেই। ভ্রাম্যমাণ আদালত তাঁদের ৫০০ টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পাশে ফুটপাত ধরে যাচ্ছিলেন মুনিরা বেগম নামের এক চিকিৎসক। তিনি বললেন, প্রতিদিন সকালে তিনি রবীন্দ্র সরোবরে হাঁটতে আসেন। কিন্তু খুব কম মানুষের মুখে মাস্ক দেখতে পান।

মুনিরা বেগম আরও বলেন, করোনাভাইরাসের ভয়াবহতা থেকে বাঁচতে হলে মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নেতৃত্ব দেওয়া ঢাকা মহানগরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক বলেন, সবাইকে মাস্ক পরতে সচেতন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। অপরাধের মাত্রা বুঝে ২৫ জনকে জরিমানা করা হয়েছে। কিন্তু আদালতের মুখ্য উদ্দেশ্য মানুষকে সচেতন করা। দেড় ঘণ্টার এই অভিযানে ১৩টি মামলা করে ২৫ জনকে মোট ৩ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।