মাস্ক না পরায় ৩১ জনকে জরিমানা

রাজধানীর মার্কেটগুলোতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। ক্রেতা-বিক্রেতা কারও স্বাস্থ্যবিধির দিকে নজর নেই। নিউমার্কেট, ৭ মে
ফাইল ছবি

মাস্ক না পরায় রাজধানীর নিউমার্কেট ও আশপাশের এলাকায় ৩১ জন ক্রেতা–বিক্রেতাকে জরিমানা করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার দুপুরে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ সূত্রে জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রফিকুল হক নিউমার্কেট এলাকায় অভিযান চালান। এ সময় মাস্ক না পরায় ১৪ জনকে মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

স্বাস্থ্যবিধি মানার বিষয়ে ক্রেতা–বিক্রেতাদের অনেকেই উদাসীন। রাজধানীর নিউ মার্কেট এলাকা
ফাইল ছবি

অন্যদিকে গাউছিয়া মার্কেট ও এলিফ্যান্ট রোড এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব দাশ। তিনি একই অপরাধে ১৭ ক্রেতা-বিক্রেতাকে ১৮ হাজার টাকা জরিমানা করেন।

স্বাস্থ্যবিধি মানার শর্তে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট, বিপণিবিতান খোলার নির্দেশ দেয় সরকার। তবে বেশির ভাগ মানুষের মুখে মাস্ক পর্যন্ত স্বাস্থ্যবিধির দৌড়।