মাহফুজুরকে বক্তব্যের সপক্ষে প্রমাণ দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান যে বক্তব্য দিয়েছেন, তার সপক্ষে তথ্য-প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা। তাঁরা বলেন, সুস্পষ্ট বক্তব্য দেওয়ার পর তাঁর ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই। দেশে না ফিরলে প্রয়োজনে ইন্টারপোলের সাহায্য নিয়ে মাহফুজুরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবি জানান তাঁরা।সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনি দম্পতি হত্যার বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক মতবিনিময় সভায় সাংবাদিক নেতারা এসব কথা বলেন। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) এই সভার আয়োজন করে।সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, সাগর-রুনির চরিত্র হননের চেষ্টা করে মাহফুজুর যে কথা বলেছেন, তা তাঁকে প্রমাণ করতে হবে। তাঁর দাবি অনুযায়ী কাছে থাকা ভিডিও ফুটেজ পুলিশের কাছে হস্তান্তরের দাবি জানান এই সাংবাদিক নেতা।বিএফইউজের আরেকাংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, এখন মাহফুজুরের ক্ষমা চাওয়া বা দুঃখ প্রকাশ করার কিছু নেই। তাঁর কাছে যে ফুটেজ রয়েছে বলে তিনি দাবি করেছেন তা তিনি পুলিশকে দেবেন। মাহফুজুরকে গ্রেপ্তার করে তথ্য নিয়ে সাগর-রুনির হত্যাকারীদের ধরতে হবে। পুলিশ প্রশাসন যদি তা করতে ব্যর্থ হয় তবে বুঝতে হবে প্রশাসনও এর সঙ্গে জড়িত। ক্র্যাবের সভাপতি আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএফইউজের একাংশের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ওমর ফারুক ও অপর অংশের সভাপতি আবদুস শহিদ, ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান, ক্র্যাবের সাধারণ সম্পাদক ইসারফ হোসেন প্রমুখ।সম্প্রতি লন্ডনে এক অনুষ্ঠানে মাহফুজুর রহমান বলেন, সাগর-রুনি পরকীয়ার বলি হয়েছেন। তাঁদের বাসায় মদের আসর বসত। তিনি দাবি করেন, তাঁর কাছে নিহত দম্পতির সন্তানের বক্তব্যসংবলিত ভিডিও ফুটেজ রয়েছে। লন্ডনে এই বক্তব্য দেওয়ার পর প্রতিক্রিয়া সৃষ্টি হলে মাহফুজুর রহমান গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, তিনি যা জানেন তা সরল বিশ্বাসে প্রকাশ করেছেন। এ ছাড়া তাঁর বক্তব্য আংশিকভাবে প্রকাশ করা হয়েছে। এ জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করেন মাহফুজুর রহমান।