মাহবুবল হক ছিলেন একাধারে রাজনীতিক, সাংসদ, ভাষাসৈনিক, সাংবাদিক ও দক্ষ সংগঠক। একই সঙ্গে এতগুলো গুণ তাঁকে অনন্য ব্যক্তিত্বে পরিণত করেছিল।গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মাহবুবল হক স্মরণে আয়োজিত সভায় বিশিষ্টজনেরা এ কথা বলেছেন। তাঁর ৩৮তম মৃত্যুবার্ষিকীর দিনে এ সভার আয়োজন করে মাহবুবল হক স্মৃতি সংসদ।সভায় তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, মহাজোট সরকার সাংবাদিকদের অবাধ স্বাধীনতায় বিশ্বাসী। বর্তমানে সাংবাদিকেরা যত স্বাধীনভাবে কাজ করতে পারছে, অতীতে কখনো এভাবে পারেনি। তিনি বলেন, দেশপ্রেমিক, সাংবাদিক, রাজনীতিক হিসেবে মাহবুবল হক ছিলেন অতুলনীয়।সভার সভাপতি প্রবীণ সাংবাদিক এবিএম মূসা বলেন, মাহবুবল হক অসম্ভব পড়াশোনা করতেন। কিন্তু পুঁথিগত জ্ঞানের চেয়ে ব্যবহারিক বিদ্যায় বেশি বিশ্বাস করতেন।সাংবাদিক আতাউস সামাদ বলেন, ভারত-পাকিস্তান দাঙ্গার সময় পাকিস্তান সরকার যখন খুঁজে খুঁজে হিন্দুদের নির্যাতন করছিল, তখন মাহবুবল হক অবজারভারের কার্যালয়ে অনেক হিন্দু পরিবারকে থাকতে দিয়েছিলেন।সাংবাদিক কামাল লোহানী বলেন, ‘অতীতে যাঁরা আমাদের রাস্তা দেখিয়েছেন, তাঁদের কথা আমরা বলি না বা বলতে চাই না। মাহবুব ভাইয়ের যে জায়গায় যাওয়ার কথা ছিল, সময়ই তাঁকে সে জায়গায় নিয়ে যাবে।’বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী বলেন, মাহবুবল হক মানুষকে ভালোবাসতেন, মাটির কাছাকাছি থাকতেন। সব মত-পথের মানুষকে এক করেছিলেন তিনি।সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘রাজনৈতিক কারণে আমরা অনেক ব্যক্তিকে অনেক ওপরে তুলি, তাঁকে নিয়ে আলোচনা করি। আবার অনেক উজ্জ্বল ব্যক্তিত্বকে নিয়ে কোনো আলোচনা হয় না। এই দুর্বলতা জাতির রয়েছে।’সভায় মাহবুবল হক স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী, নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, সাংবাদিক এরশাদ মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অর্থনীতিবিদ আবু আহমেদ, প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমজাদ হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেম মজুমদার, স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ বক্তব্য দেন।