মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা বাতিলের আবেদনে বিভক্ত আদেশ
পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলা বাতিলের জন্য দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের আবেদনে বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ ঘটনা ঘটে।আদালত সূত্র জানায়, বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রুল জারি ও মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। তবে কনিষ্ঠ বিচারপতি আবেদনটি খারিজ করে দেন।আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজউদ্দিন ফকির ও মাহমুদুর রহমানের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী শুনানি করেন।মমতাজউদ্দিন ফকির প্রথম আলোকে বলেন, বাতিল আবেদনে বিভক্ত আদেশ হয়েছে। এখন বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি হাইকোর্টের তৃতীয় বিচারপতির কাছে আবেদনটি শুনানির জন্য পাঠাবেন।পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গত বছরের ২ জুন মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলাটি করা হয়।