আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে রিমান্ডে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিট আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। ২১ এপ্রিল আদেশের দিন ধার্য করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট আদেশের এ দিন ধার্য করেন।আদালত সূত্র জানায়, পৃথক তিন মামলায় মাহমুদুর রহমানকে ১৩ দিনের রিমান্ডে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে গত বুধবার তাঁর স্ত্রী ফিরোজা মাহমুদ রিটটি করেন।রিটে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না—এ মর্মে রুল চাওয়া হয়। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ নয়জনকে রিটে বিবাদী করা হয়েছে। সূত্র জানায়, আবেদনে রুল বিচারাধীন অবস্থায় তাঁর রিমান্ড কার্যক্রম স্থগিত ও মুক্তি দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। ওই রিটের পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী শুনানি করেন। সঙ্গে ছিলেন আইনজীবী সালেহ উদ্দিন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। শুনানিতে এ জে মোহাম্মদ আলী সংবাদমাধ্যমের বরাত দিয়ে রিমান্ডে মাহমুদুর রহমানের ওপর নির্যাতনের কথা উল্লেখ করেন।অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, মাহমুদুর রহমানের ওপর কোনো ধরনের নির্যাতন করা হয়নি। তাঁকে সুনির্দিষ্ট মামলায় কারাগারে পাঠানো হয়েছে।১১ এপ্রিল কারওয়ান বাজারে আমার দেশ কার্যালয় থেকে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।সোমবার মহাসমাবেশ: মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে আগামী সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। যৌথভাবে এ সমাবেশ করবে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ।গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়। আজ শুক্রবার একই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ও শনিবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সমাবেশ করবে। এ ছাড়া একই দাবিতে রোববার সমাবেশ করবে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।আগামী সোমবারের মধ্যে মাহমুদুর রহমানকে মুক্তি না দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী।বিক্ষোভ সমাবেশ চলাকালে বেলা ১১টা থেকে একটা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে একদিকের সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সমাবেশে বক্তব্য দেন বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজের সাধারণ সম্পাদক বাকের হোসাইন, কবি আবদুল হাই শিকদার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।