মাহমুদুর রহমানের রিমান্ডের বৈধতা নিয়ে রিট খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে রিমান্ডে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ এ আদেশ দেন। আদালত সূত্র জানায়, পৃথক তিন মামলায় মাহমুদুর রহমানকে ১৩ দিনের রিমান্ডে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে গত বুধবার তাঁর স্ত্রী ফিরোজা মাহমুদ রিট আবেদনটি করেন। আদালত ওই দিন শুনানি নিয়ে রোববার আদেশের দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান শুনানি করেন। পরে মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, বিভিন্ন যুক্তিতে আদালত রিট আবেদন খারিজ করে দিয়েছেন। রিটকারীর আইনজীবী এ জে মোহাম্মদ আলী সাংবাদিকদের বলেন, আদেশের কপি পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।১১ এপ্রিল কারওয়ান বাজারের আমার দেশ কার্যালয় থেকে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তেজগাঁও থানায় করা তিনটি মামলায় তাঁকে ১৩ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ সংলাপ প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে ওই মামলা হয়।রিটের আবেদনে মাহমুদুর রহমানকে তিন মামলায় গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না, এ মর্মে রুল চাওয়া হয়। তাঁকে বেআইনিভাবে আটক রাখা হয়নি, তা নিশ্চিত করতে হাইকোর্টে হাজির করার নির্দেশ কেন দেওয়া হবে না, এ বিষয়েও রুল চাওয়া হয়েছে। এতে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ নয়জনকে বিবাদী করা হয়। মুক্তির দাবিতে সমাবেশ: মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ও আমরা বাংলাদেশি নামে দুটি সংগঠন। সমাবেশে বক্তারা বলেন, সরকারের উচিত মাহমুদুর রহমানের বিরুদ্ধে সব ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার করা ও নিঃশর্ত মুক্তি দেওয়া। তাঁরা মাহমুদুর রহমানকেও অনশন ভাঙার অনুরোধ জানান। আমার দেশ প্রকাশের সুযোগ দেওয়াসহ তিন দফা দাবিতে তিনি অনশন করছেন। এদিকে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী গতকাল এক বিবৃতিতে আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদককে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। মেডিকেল বোর্ড: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) মাহমুদুর রহমানের চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করেছে। বিএসএমএমইউর উপপরিচালক মো. মোখলেসুজ্জামান গতকাল বলেন, মোট নয়জন চিকিৎসক এই বোর্ডে রয়েছেন। তিনি জানান, স্যালাইন দেওয়ার পর থেকে মাহমুদুর রহমানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।