‘আমার দেশ’-এর ডিক্লারেশন বাতিলের পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী
মাহমুদুরের মুক্তির দাবিতে বিক্ষোভ
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ফৌজদারি অপরাধের কারণে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর সঙ্গে পত্রিকা প্রকাশের অনুমতি (ডিক্লারেশন) বা সংবাদপত্রের স্বাধীনতার কোনো সম্পর্ক নেই।গতকাল মঙ্গলবার তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। আমার দেশ ও এর সম্পাদকের বিষয়ে মানুষের বিভ্রান্তি দূর করার জন্য এই সংবাদ সম্মেলন আয়োজনের কথা জানান তথ্যমন্ত্রী।সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসানুল হক বলেন, আমার দেশ পত্রিকা প্রকাশের অনুমতি (ডিক্লারেশন) অব্যাহত আছে। অন্যখানে ছাপার জন্য তারা যদি ‘নিয়মানুযায়ী’ দরখাস্ত দেয়, তাহলে তা প্রকাশ করতে পারবে। এখন পর্যন্ত পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করার কোনো পরিকল্পনা নেই, পদক্ষেপও নেওয়া হয়নি।লিখিত বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, ‘মাহমুদুর রহমান বিবেকবর্জিত, নীতিহীনভাবে সাইবার অপরাধ করেছেন। বিন্দুমাত্র বিবেকের অধিকারী কোনো মানুষ এ ধরনের অপরাধ সংঘটিত করতে পারে না। তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো সাইবার ক্রাইম-সংক্রান্ত অপরাধ ও সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধ। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৬ ও ৫৭ ধারা অনুযায়ী তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। একই আইনের ৮০ ধারা অনুযায়ী ছাপাখানার মালামাল জব্দ করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘৮০ ধারা অনুযায়ী কার্যক্রম গ্রহণের পর আমার দেশ কর্তৃপক্ষ আইন অনুসরণ না করে সম্পূর্ণ শঠতা, প্রতারণা ও চতুরতার আশ্রয় নিয়ে দৈনিক সংগ্রাম-এর আল-ফালাহ প্রিন্টিং প্রেস থেকে পত্রিকা ছাপে, যা আইনের পরিপন্থী।তথ্যমন্ত্রী বলেন, ছাপাখানা পরিবর্তন করতে হলে জেলা প্রশাসকের পূর্বানুমতির প্রয়োজন হয়। কিন্তু সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাহমুদা বেগম নামের একজনকে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখিয়ে সাময়িক সময়ের জন্য আল ফালাহ প্রিন্টিং প্রেস থেকে পত্রিকা ছাপানো হবে মর্মে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে একটি চিঠি দেওয়া হয়। পরে জানা যায়, মাহমুদা বেগম আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মা। এতে বোঝা যায়, উদ্দেশ্যমূলকভাবে তাঁর মাকে ব্যবহার করা হয়েছে।অপরাধীকে রক্ষা বা মুক্ত করার জন্য কাউকে বিবৃতি না দেওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী। সংবাদ সম্মেলনে প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।এদিকে মাহমুদুর রহমানের মা মাহমুদা বেগম গতকাল ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গতকাল মঙ্গলবার তাঁর জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই জামিন মঞ্জুর করেন। আল-ফালাহ প্রিন্টিং প্রেসে আমার দেশ পত্রিকা মুদ্রণের অভিযোগে ১৩ এপ্রিল নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা এই মামলা করেন। মামলায় আমরা দেশ পাবলিকেশন্সের ভারপ্রাপ্ত চেয়ারপারসন মাহমুদা বেগম ছাড়াও সংগ্রাম-এর সম্পাদক আবুল আসাদ ও ১৯ জন প্রেস কর্মচারীকে আসামি করা হয়।সাংবাদিকদের বিক্ষোভ: মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের মাধ্যমে সরকার দেশে জংলি শাসন প্রতিষ্ঠা করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজী। গতকাল দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে রুহুল আমিন গাজী এই অভিযোগ করেন।মাহমুদুর রহমানের মুক্তি ও ছাপাখানা খুলে দেওয়ার দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ এই বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করে।এ সময় আরও বক্তব্য দেন ডিইউজের একাংশের সভাপতি আবদুস শহীদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।শিক্ষকদের মানববন্ধন: শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ও আমরা বাংলাদেশি নামের একটি সংগঠন মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি দাবি এবং রিমান্ডে নির্যাতনের প্রতিবাদে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ার বলেন, বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর সরকার যে দমন ও নিপীড়ন চালাচ্ছে, তাতে সবাই শঙ্কিত। মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে সরকার ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে বলে তিনি উল্লেখ করেন।শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সাবেক সভাপতি সদরুল আমিন, সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মামুন আহমেদ প্রমুখ।