পুরান ঢাকার মাহুতটুলীতে প্রায় ১৪ দিন ধরে পানি নেই। রমজান মাসে পানি না থাকায় দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পানি না থাকায় মহল্লার বাসিন্দারা নিজ নিজ আত্মীয়স্বজনের বাসা বাড়িতে চলে যাচ্ছে। এখন কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে, তা বলতে পারছে না ঢাকা ওয়াসা।
তবে মানুষের এই কষ্ট লাঘবে ১২ জুন থেকে মাহুতটুলিতে সকাল-বিকেল বিনা মূল্যে পানি বিতরণ করছে আলিফ-লাম মীম প্রপার্টিজ নামের একটি প্রতিষ্ঠান। গত রোববার সন্ধ্যা পর্যন্ত তারা প্রায় ৩০ হাজার লিটার পানি বিতরণ করে৷ এ ছাড়া পৃথকভাবে পানি বিতরণ করছে মাহুতটুলী পঞ্চায়েত কমিটিও৷ এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩২ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
মাহুতটুলীর স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মাহুতটুলীতে প্রায় আড়াই মাস ধরে ওয়াসার লাইনে পানির সংকট। বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ১২ জুন পানির লাইন সংস্কার শুরু করে ওয়াসা কর্তৃপক্ষ। এর পাঁচ থেকে ছয় দিন আগে থেকেই এই এলাকার অধিকাংশ বাড়িতে পানি ছিল না৷
গতকাল সকালে দেখা যায়, ওয়াসার পানির লাইন সংস্কার করতে মাহুতটুলী চাঁদ মসজিদ এলাকায় বিভিন্ন সড়ক ও গলি খুঁড়ে রাখা হয়েছে। খোঁড়াখুঁড়ির মাটি ও বালি সড়ক এবং বিভিন্ন গলিতে স্তূপ করে রাখা হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে সংস্কার কাজে ব্যবহৃত সরঞ্জাম। এই এলাকায় রিকশাসহ সব ধরনের যান চলাচল বন্ধ আছে। কিন্তু ওয়াসার কোনো শ্রমিককে কাজ করতে দেখা যায়নি। একটি পিকআপে করে পানি বিতরণ করছে বেসরকারি প্রতিষ্ঠানটি। কলস, বালতি, পাতিলসহ বিভিন্ন পাত্রে করে সারিবদ্ধ ভাবে পানি নিচ্ছে বাসিন্দারা।
আলিফ-লাম মীম প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন বলেন, নিজ উদ্যোগে প্রতিদিন সকাল ও বিকেলে মানুষের মাঝে পানি বিতরণ করা হচ্ছে। এতে তাঁর প্রতিষ্ঠানের চারজন কর্মী নিয়মিত কাজ করছেন।
ডিএসসিসির ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিল্লাল শাহ বলেন, প্রতিদিন ওয়াসার পক্ষ থেকে এই এলাকায় দুই গাড়ি করে পানি দেওয়া হয়। এখন পানির লাইনে কাজ চলছে। এই সপ্তাহের মধ্যেই কাজ শেষ হবে।