মায়া, তুহিন, ফিরোজসহ আরও আটজন মনোনয়নপত্র নিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে গতকাল রোববার আওয়ামী লীগের মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, বিএনপির সালাহ্ উদ্দিন আহমেদ, তুহিন মালিকসহ আরও আটজন মনোনয়নপত্র নিয়েছেন। রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে জানা যায়, গতকাল ঢাকা দক্ষিণ থেকে মেয়র পদে তুহিন মালিক, কাজী ফিরোজ রশীদ, সালাহ্ উদ্দিন আহমেদ, মোমিনুল ইসলাম ও সৈয়দ শাহ আলম মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ নিয়ে ঢাকা দক্ষিণ থেকে মেয়রপদে ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেন।ঢাকা উত্তর থেকে মেয়র পদে গতকাল মনোনয়নপত্র নিয়েছেন মোফাজ্জল হোসেন চৌধুরী, বাহাউদ্দিন আহমেদ ও খোন্দকার আজহারুল হক। এ নিয়ে উত্তরে মেয়রপদে ১১ জন মনোনয়নপত্র নিলেন। এ ছাড়া গতকাল পর্যন্ত উত্তরে সাধারণ কাউন্সিলর পদে ৫০৮ জন ও সংরক্ষিত পদে ৯৮ জন এবং দক্ষিণে সাধারণ কাউন্সিলর পদে মোট ৬২৭ জন ও সংরক্ষিত পদে ১০৯ জন মনোনয়নপত্র নিয়েছেন। ১৯ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: ফিরোজ রশীদের বিরুদ্ধে আবারও আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। মনোনয়নপত্র সংগ্রহের সময় তাঁর সঙ্গে পঞ্চাশের বেশি সমর্থক উপস্থিত ছিলেন। তাঁদের সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়। আচরণবিধি অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহের সময় কোনো জনসমাগম করা যাবে না।ফিরোজ রশীদ দাবি করেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পাঁচজনের বেশি লোকসমাগম করা যাবে না বলে আচরণবিধিতে উল্লেখ আছে। সংগ্রহের ব্যাপারে কিছু বলা নেই।এর আগে আচরণবিধি ভঙ্গের অভিযোগে ১৩ এপ্রিল কাজী ফিরোজ রশীদকে কারণ দর্শানোর নোটিশ দেন রিটার্নিং কর্মকর্তা। গত শনিবার তিনি নোটিশের জবাব দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ফিরোজ রশীদের জবাব নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। কমিশন সিদ্ধান্ত দেবে।