মায়ের কাছে ফিরতে চায় ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সুমাইয়া, স্বপ্না, মাহিসহ আরও কয়েকজন শিশু রাজধানীর বিভিন্ন স্থান থেকে হারিয়ে যায়। পুলিশ বা অন্য ব্যক্তিরা তাদের উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে যায়। পরে নেওয়া হয় তেজগাঁও থানা কমপ্লেক্সের ভিকটিম সাপোর্ট সেন্টারে। এখন ঠিকানা হারানো এসব শিশুর ঠিকানা হয়েছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) আশ্রয়কেন্দ্র প্রশান্তি।
প্রশান্তির সহকারী কর্মসূচি ব্যবস্থাপক নাজমা সুলতানা প্রথম আলোকে বলেন, যাদের সৎমা বা বাবা আছে অথবা নির্যাতনের শিকার হতো, তারা ছাড়া অন্যরা মায়ের কাছে ফিরে যেতে চায়। অনেকেই ঠিকানা বলতে পারে না। পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বা বিভিন্নভাবে অভিভাবকদের খুঁজে বের করার চেষ্টা করা হয়। প্রশান্তিতে দীর্ঘমেয়াদি পুনর্বাসনের সুযোগ নেই। ফলে ঠিকানা পাওয়া না গেলে আবার অন্য কোনো সংগঠনের কাছে তাদের পাঠানো হয়।
এই আশ্রয়কেন্দ্রে থাকে ছয় বছর বয়সী সুমাইয়া। তার বাবা তাহের ও মা রাহিমা আক্তার রোকসানা। বাবা মা দুজনেই জুতার কারখানায় কাজ করেন। সিলেটের কোম্পানীগঞ্জে বাড়ি। থাকত রাজধানীর মহাখালীতে। সুমাইয়ার আরেক বোনের নাম সানিয়া আক্তার। সুমাইয়া খালার বাসায় যাওয়ার সময় রাস্তা হারিয়ে ফেলে।
স্বপ্নার বয়স ১০ বছর। বাবা আব্দুল হান্নান মাদ্রাসার শিক্ষক। মায়ের নাম নুরজাহান। ঢাকায় তাঁরা থাকেন কমলাপুর রেলস্টেশনের পাশে। স্বপ্না তার নানির বাড়িতে থাকত। নানির সঙ্গে রাগ করে ও ঢাকায় কমলাপুর স্টেশনে এসে আর বাড়ি খুঁজে পায়নি। স্বপ্নার দুই ভাই ও দুই বোন।
১০ বছরের মাহি ঠিকানা জানে না। শুধু বাবার নাম কামরুল আর মায়ের নাম ইয়াসমিন বলতে পারে। ছোটবেলায় মা তাকে রাস্তায় ফেলে রেখে চলে যান। এক নারী তাকে আশ্রয় দেন। কাজ করতে পারত না বলে ওই নারী বাসা থেকে বের করে দেন। বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে লিটন নামে এক ব্যক্তি মাহিকে বিমানবন্দর থানায় নিয়ে যান।
ছয় বছরের সায়নার বাবা বিল্লাল ও মা সালমা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাড়ি। ওর বাবা ঢাকায় সবজি বিক্রি করেন। ওর এক ভাই আছে। পাশের বাড়িতে টেলিভিশন দেখে ফেরার পথে অন্য রাস্তায় চলে যায় সায়না। রাজারবাগ পারটেক্স গলি থেকে উদ্ধার করা হয় তাকে।
জেসমিনের বয়স পাঁচ বছর। বাবা জাহাঙ্গীর ও মা মর্জিনা। ঠিকানা বলতে পারে না। বাবা আশুলিয়ায় চাকরি করেন। মা সুতার মিলে কাজ করেন। তারা দুই বোন। বাজারে হাতি দেখতে গিয়ে ও হারিয়ে যায়। ছয় বছরের শেফালির বাবা শামসু আর মা শরিফা। ফেনীতে বাবা ফলের ব্যবসা করেন। মা গৃহপরিচারিকার কাজ করেন। শেফালিরা তিন বোন। একদিন ফেনী স্টেশনে থেমে থাকা ট্রেনে উঠে বসে। বাড্ডা থানা হয়ে তার ঠিকানাও এখন প্রশান্তি।
১১ বছরের খাদিজা আকতার তার ঠিকানা বলতে পারে না। বাবা তাজুল ইসলাম ও মা শিল্পী বেগম দুজনই মারা গেছেন। শিল্পী ঢাকায় মামার কাছে থাকত। শিল্পীর খালাতো ভাই উত্তরায় এক রাস্তায় দাঁড় করিয়ে রেখে চলে যায়। ১৩ বছরের নূপুর। বাবা সালাম ও মা শাবানা। সে স্থায়ী ঠিকানা বলতে পারে না। কমলাপুর বস্তিতে যে বাড়িতে থাকত, সেই মালিকের নাম মানিক। নূপুরের বাবা রিকশাচালক। মা অন্যের বাসায় কাজ করেন। ওরা চার ভাই ও দুই বোন। নূপুর যে বাসায় কাজ করত, সেখানে কাজ পারে না অভিযোগে মালিক রাস্তায় বের করে দেন।
১৩ বছর বয়সী সালমার বাবা মোহাম্মদ আলী ও মা হাদিসার ছাড়াছাড়ি হয়ে গেছে। সালমা কলাবাগানে এক বাসায় কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে যায়।
এই শিশুদের খোঁজ জানতে চাইলে আগারগাঁও এ ৪৮/৩ (মণিকো মিনা টাওয়ার) ঠিকানা অথবা টেলিফোন নম্বর-৯১৪৩২৯৩ অথবা ৮১১৫৮৬৮ নম্বরে যোগাযোগ করতে হবে।