মায়ের চোখের সামনে নিখোঁজ প্রতিবন্ধী নাবিল
নাবিল মাহমুদ। বয়স ১৫ বছর। বুদ্ধিপ্রতিবন্ধী। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সে বাসা থেকে বেরিয়ে যায়। এ ঘটনায় রাজধানীর বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বাসার চার দেয়ালের বাইরে নাবিলের পছন্দের জায়গা স্কুল ও বাসার ছাদ। বৃহস্পতিবার বিকেলে মায়ের সঙ্গে ছাদে গিয়েছিল সে। সন্ধ্যা হবে হবে। মা তাড়া দেন ঘরে ফেরার। কিশোর নাবিল লাফাতে লাফাতে সিঁড়ি দিয়ে নামে। মা ছিলেন পেছনে পেছনে। কিন্তু বাসার নিচতলার গেটের কাছে আসতে আসতে মা দেখেন ছেলে দ্রুত গলিতে চলে যাচ্ছে। মাকে দৌড়াতে দেখে নাবিলের গতি আরও বেড়ে যায়। মা যতই ডাকেন, সে ততই ছোটে। একপর্যায়ে মায়ের চোখের সামনে থেকে হারিয়ে যায় নাবিল। এরপর নানা জায়গায় খোঁজ ও মাইকিং করেও তার সন্ধান পাওয়া যায়নি।
নাবিলের চাচা মেজবাহ জানান, নাবিল বাসার পাশের একটি বিশেষায়িত স্কুলে পড়ে। সে নাম–ঠিকানা বলতে পারে। তবে সব সময় কথা বলে না। তারা দুই ভাই। বড় ভাই ফৌজদারহাট ক্যাডেটে উচ্চমাধ্যমিকে পড়ে।
নাবিলের বাবা মাহমুদ আলম সাধারণ বীমা করপোরেশন ব্যবস্থাপক। মা রওশনারা আক্তার সংসার সামলান। ছেলেকে হারিয়ে রওশনারা এখন পাগলপ্রায়। যে জায়গা থেকে ছেলেকে হারিয়েছেন, বারবার সেখানে ছুটে যাচ্ছেন। ছেলের স্কুলে যাচ্ছেন, যদি ছেলে ফিরে আসে। অন্ধকারকে খুব ভয় পায় নাবিল। বেশি খিদে লাগলে খিঁচুনি ওঠে তার। ছেলে কোথায় আছে, কেমন আছে—এমন শত আতঙ্কে প্রতিটি মুহূর্ত পার করছেন রওশনারা।
নাবিলের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। গায়ের রং ফরসা। মুখমণ্ডল গোলাকার। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল চকলেট রঙের প্যান্ট ও সাদা গেঞ্জি। কেউ এই কিশোরের খোঁজ পেলে বাড্ডা থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে নাবিলের পরিবার।