মা-বাবার ফেলে যাওয়া শিশুর দ্বিতীয় দফায় অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মা-বাবার ফেলে যাওয়া শিশুটির গতকাল দ্বিতীয় দফা অস্ত্রোপচার হয়েছে। প্রতিষ্ঠানের শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আশরাফ উল হক জানিয়েছেন, ‘শিশুটি ঝুঁকির মধ্যে আছে।’
১৬ এপ্রিল অস্ত্রোপচারে শিশুটির জন্ম হয়। আশরাফ উল হক বলেন, জন্মের সময় নবজাতকের ক্ষুদ্রান্তে ত্রুটি ধরা পড়ে। জন্মের পর প্রথম দফায় একটি অস্ত্রোপচার করা হয়। তখন থেকেই বাবা-মা শিশুটিকে ফেলে যাওয়ার পাঁয়তারা করতে থাকেন। একসময় তাঁরা সত্যি শিশুটিকে ফেলে চলে যান।
গতকাল শনিবার ২০৫ নম্বর ওয়ার্ডে শিশুটির খোঁজ নিতে গিয়ে জানা যায়, তাকে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। পরে আশরাফ উল হক জানান, কন্যাশিশুটির আগের অস্ত্রোপচারের স্থান থেকে রস ঝরতে দেখা যায়। তাই দ্বিতীয়বার অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়। অস্ত্রোপচার করেছেন মাহবুবুল আলম ও সহদেব কুমার দাশ।
বিভাগীয় প্রধান জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে, তবে শিশুটি ঝুঁকির মধ্যে আছে। শিশুটিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা খুবই জরুরি। আইসিইউতে কোনো শয্যা খালি পাওয়া যাচ্ছে না। হাসপাতালের পরিচালককে বিষয়টি জানানো হয়েছে।