মিছিল ও প্রতিবাদে সরব শাহবাগের গণজাগরণ মঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধীদের বিচার এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গতকাল রোববার সরব ছিল শাহবাগের গণজাগরণ মঞ্চ। দুপুর ১২টার দিকে শাহবাগের প্রজন্ম চত্বর থেকে পূর্বঘোষণা অনুযায়ী লাঠি মিছিল বের হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসি, ফুলার রোড, মধুর ক্যানটিন হয়ে মিছিলটি শাহবাগে আসে। সেখান থেকে রূপসী বাংলা (সাবেক শেরাটন হোটেল) মোড় ঘুরে আবার শাহবাগে ফিরে যায়।মিছিলকারীরা জামায়াত-শিবিরকে নিষিদ্ধের দাবিতে এবং হেফাজতে ইসলামের দাবিগুলোর বিরুদ্ধে স্লোগান দেন। মিছিল শেষে শুরু হয় প্রতিবাদী গান।গতকাল গণজাগরণ মঞ্চের তিন মাস পূর্তি হয়। সুনির্দিষ্ট ছয় দফা দাবি সামনে রেখে আন্দোলন করে আসছে তরুণদের গড়া গণজাগরণ মঞ্চ। এসব দাবির মধ্যে আছে মানবতাবিরোধী সব অপরাধীর সর্বোচ্চ শাস্তি, জামায়াত-শিবির নিষিদ্ধ ও মানবতাবিরোধীদের আর্থিক-সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাধীন তদন্ত কমিশন গঠন করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া এবং মানবতাবিরোধীদের গণমাধ্যম বর্জন।গতকাল টিএসসি, কলা ভবনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় গণজাগরণ মঞ্চের কর্মীরা দলে দলে ভাগ হয়ে লাঠি হাতে অবস্থান করেন।বিকেলে গণজাগরণ মঞ্চের মুখপত্র গণজাগরণ-এর প্রকাশনা উৎসব হয়। ৩ মে শহীদজননী জাহানারা ইমামের ৮৪তম জন্মবার্ষিকীতে সাপ্তাহিক এই পত্রিকাটি প্রকাশিত হয়। সন্ধ্যা পর্যন্ত গণজাগরণ মঞ্চে চলছিল প্রতিবাদী গান ও কবিতা পাঠ।