মিটফোর্ড নার্সিং ইনস্টিটিউটে তীব্র আবাসনসংকট
পুরান ঢাকার মিটফোর্ড নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার্থীদের আবাসনসংকট প্রবল। আগে প্রতি ব্যাচে ২০ জন করে শিক্ষার্থী ভর্তি করা হতো। বর্তমানে তা বেড়ে ১০৫ জনে উন্নীত করা হয়েছে। কিন্তু সে তুলনায় শিক্ষাপ্রতিষ্ঠানটিতে আবাসনসুবিধা বাড়ানো হয়নি। এর মধ্যে ছাত্রদের জন্য কোনো আবাসনের ব্যবস্থাই নেই।
শিক্ষার্থীদের অভিযোগ, নার্সিং ইনস্টিটিউটে আবাসনসংকটের মধ্যে ছাত্রীনিবাসের ১২টি কক্ষে বাস করছেন মিটফোর্ড হাসপাতালের স্টাফ নার্সরা। অথচ গাদাগাদি করে থাকছেন ছাত্রীরা। অন্যদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসা-বাড়ি বা মেসে থাকেন ছাত্ররা। এতে পড়াশোনার পর্যাপ্ত সুযোগ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ পাচ্ছেন না শিক্ষার্থীরা।
ইনস্টিটিউটের ছাত্রীনিবাস থেকে স্টাফ নার্সদের অন্যত্র সরিয়ে নেওয়া এবং ছাত্রদের জন্য আলাদা ছাত্রাবাস নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে গত ৩০ নভেম্বর ক্লাস ও ক্লিনিক্যাল প্র্যাকটিস বর্জন এবং বিক্ষোভ মিছিল করেছেন তাঁরা। নার্সিং ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক কাওছার হোসাইন বলেন, আজ বৃহস্পতিবারের মধ্যে তাঁদের দাবি মেনে নেওয়া না হলে আগামী রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও ক্লিনিক্যাল প্র্যাকটিস বর্জন এবং ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
জানতে চাইলে মিটফোর্ড নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ সামসুন নাহার গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের পরিচালকের সঙ্গে আলোচনা হয়েছে। কিন্তু ওই স্টাফ নার্সদের আবাসনের বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাঁদের সরানো জাবে না বলে তিনি জানিয়েছেন। কবে নাগাদ বিকল্প ব্যবস্থা হবে, তা পরিচালক নিশ্চিত করে বলেননি।
মিটফোর্ড নার্সিং ইনস্টিটিউট সূত্র জানায়, ১৯৪৩ সালে ওই ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়। ওই সময় একটি পুরোনো ভবনে ছাত্রীদের আবাসনের ব্যবস্থা করা হয়৷ শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকায় বছর পাঁচেক আগে একটি পাঁচতলা ভবন নির্মাণ করা হয়। বর্তমানে এ দুটি ভবনের ১২টি কক্ষে স্টাফ নার্সরা বাস করছেন।
মিটফোর্ড নার্সিং ইনস্টিটিউটের সভাপতি বিথী আক্তার বলেন, ওই দুটি ভবনের একেকটি কক্ষে ১০ জন করে থাকেন। এক বিছানায় দুজন। খাটগুলো লম্বায় প্রায় সাত ফুট হলেও চওড়ায় তিন ফুট। এ ছাড়া ছাত্রীনিবাসে টয়লেট ও গোসলখানার সংকট রয়েছে।
মিটফোর্ড হাসপাতাল সূত্র জানায়, দেশে নার্স ও মিডওয়াইফের সংকট কাটাতে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার্থী ভর্তির হার বাড়ানো হয়েছে, কিন্তু আনুষঙ্গিক সুযোগ-সুবিধা বাড়েনি। বর্তমানে স্টাফ নার্সদের কক্ষ থেকে সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই। নার্সদের সরানো হলে হাসপাতালের সেবার ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা আছে।