মিটফোর্ড এলাকায় নকল ওষুধ বিক্রির দায়ে কারাদণ্ড
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় পাইকারি বাজারে অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকার নকল ওষুধ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নকল ওষুধ তৈরি করার দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
গতকাল বেলা ১১টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ। ঔষুধ প্রশাসন অধিদপ্তর ও র্যাব-১-এর যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়।
ঔষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক এ টি এম গোলাম কিবরিয়া খান প্রথম আলোকে বলেন, গতকাল বেলা ১১টায় মিটফোর্ড হাসপাতাল এলাকার বিল্লাল শাহ মেডিসিন মার্কেটে অভিযান চালানো হয়। এই মার্কেটের নুসরাত মেডিসিন স্টোর ও তাদের গোডাউন থেকে বিপুল পরিমাণ ভিটামিনসহ নকল ওষুধ জব্দ করা হয়। অভিযানকালে ওষুধ তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপাদান পাওয়া যায়। দোকানমালিক মঞ্জুরুল কবির নিজেই পাশের হাজি রানি মেডিসিন মার্কেটের চতুর্থ তলার একটি গোডাউনে ওষুধ তৈরি করতেন। মঞ্জুরুল কবিরকে এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।