মিটফোর্ড হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের গাইনি বিভাগের অস্ত্রোপচার কক্ষ থেকে নবজাতক চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।গতকাল রোববার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন রাজধানীর কামরাঙ্গীরচরের শফিকুল ইসলাম।সংবাদ সম্মেলনে বলা হয়, শফিকুল ইসলামের অন্তঃসত্ত্বা স্ত্রী তাসলিমা আক্তারকে মিটফোর্ড হাসপাতালের গাইনি বিভাগে কয়েকবার দেখানো হয়। গত ২৮ অক্টোবর হাসপাতালের রেডিওলজি বিভাগ থেকে আলট্রাসনোগ্রাম করানো হয়। আলট্রাসনোগ্রাম প্রতিবেদনে বলা হয়, তাসলিমা আক্তারের গর্ভে যমজ বাচ্চা রয়েছে। এরপর তিনি ৬ ডিসেম্বর ভোরে মিটফোর্ড হাসপাতালে গেলে গাইনি বিভাগের কয়েকজন চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জানান, গর্ভে যমজ বাচ্চার একটি সোজা ও অপরটি উল্টো অবস্থায় আছে। ওই দিনই অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের সিদ্ধান্ত দেন চিকিৎসকেরা। এ জন্য দুই ব্যাগ রক্ত সংগ্রহ এবং দুই বাচ্চার জন্য পোশাক ও সাবান ইত্যাদি সংগ্রহ করতে বলা হয়। সম্মেলনে বলা হয়, ওই দিন বেলা ১২টার দিকে তাসলিমাকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। দুপুর একটায় হাসপাতালের আয়া লিলি বেগম অস্ত্রোপচার কক্ষ থেকে বের হয়ে একটি পুত্র ও একটি কন্যাসন্তান জন্ম হয়েছে বলে জানান। এর কিছুক্ষণ পর আরেক আয়া এসে একটি কন্যাসন্তান এনে স্বজনদের কাছে দেন এবং একটি বাচ্চা হয়েছে বলে জানান।শফিকুল ইসলামের দাবি, অস্ত্রোপচার কক্ষ থেকে অপর বাচ্চা চুরি হয়েছে। এ ব্যাপারে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ রহস্যজনক আচরণ করায়, তিনি এ ব্যাপারে কোতোয়ালি থানায় মামলা করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, মামলাটির তদন্ত এবং তথ্য সংগ্রহের কাজ চলছে। একটি আলট্রাসনোগ্রাম প্রতিবেদনে দুটি বাচ্চার কথা বলা হয়েছে। ওই ভিত্তিতে মামলাটি করা হয়। জানতে চাইলে মিটফোর্ড হাসপাতালের রেডিওলজি বিভাগের একজন জ্যেষ্ঠ চিকিৎসক প্রথম আলোকে বলেন, পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে কোনো ভুলত্রুটি থাকতে পারে। তবে ওই প্রসূতির আল্টাসনোগ্রাম করে যে চিকিৎসক প্রতিবেদন দিয়েছেন, তিনি দাবি করছেন যে প্রতিবেদন সঠিক।মিটফোর্ড হাসপাতালের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবুল হাসেম খান প্রথম আলোকে বলেন, ওই প্রসূতির স্বজনদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়ার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামী দু-এক দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে বলে তিনি জানান।