মিটফোর্ড হাসপাতালে রোগীর চাপ বেশি, চিকিৎসাসুবিধা কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। প্রতিদিন হাসপাতালে ভর্তি থাকে সাড়ে ৭০০ জনের বেশি রোগী। আর বহির্বিভাগে চিকিৎসা নেয় এক হাজার ২০০ জন রোগী। সে তুলনায় চিকিৎসকসহ জনবল ও চিকিৎসাসুবিধা খুব বাড়েনি। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। অনেক সময় মানসম্পন্ন সেবা পায় না বলে রোগীপক্ষ অভিযোগ করে।১৯৮৫ সালে মিটফোর্ড হাসপাতালকে ৬০০ শয্যায় উন্নীত করা হয়। তখন প্রথম শ্রেণীর পদ ছিল ১১৭টি। বর্তমানে প্রথম শ্রেণীর পদ ২২৯টি। দ্বিতীয় শ্রেণীর পদ যা ছিল, এখনো তা-ই আছে। তৃতীয় শ্রেণীর পদ ছিল ১২০টি, বেড়ে হয়েছে ১২২টি। নার্সের ছিল ১৭৯টি, এখনো তা-ই আছে। চতুর্থ শ্রেণীর ৪৬১ পদের সঙ্গে যুক্ত হয়েছে আরও ১২টি।গত রোববার বেলা ১১টায় মেডিসিন বহির্বিভাগের সামনে দীর্ঘ লাইন চোখে পড়ল। লাইনে দাঁড়ানো চকবাজারের মোকলেছুর রহমান বলেন, ‘এক ঘণ্টার বেশি সময় লাইনে দাঁড়িয়ে আছি।’ একই কথা বললেন লালবাগের বাসিন্দা অসীম কুমার দাস। প্রতিদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালের বহির্বিভাগে রোগীর সংখ্যা বাড়তে থাকে।২৬ বছর ধরে কেবিন নেই: ১৯৮৫ সালের আগ পর্যন্ত বুড়িগঙ্গা নদীর পাড়ে হাসপাতালের একটি ভবনে দুটি ভিআইপি ও ১৮টি সাধারণ কেবিন ছিল। শিক্ষানবিশ চিকিৎসকেরা বসবাস শুরু করলে কেবিন তুলে দেওয়া হয়। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় চিকিৎসকেরা একপর্যায়ে ভবন ছেড়ে দিলে কর্মচারীরা থাকা শুরু করেন। ২০০৬ সালে কর্তৃপক্ষ কেবিনের ভবনের জায়গায় নারী শিক্ষানবিশ চিকিৎসকদের জন্য আবাসিক হল নির্মাণের সিদ্ধান্ত নেয়। বর্তমানে এই হাসপাতালে কোনো কেবিন নেই।ভাড়া বিছানার স্বল্পতা: পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে মোট শয্যাসংখ্যা ৬০০। সরকারি নিয়ম অনুযায়ী এই হাসপাতালে ২৪০টি ভাড়া শয্যা থাকার কথা। কিন্তু হাসপাতাল ঘুরে দেখা গেছে, ভাড়া শয্যার সংখ্যা এর অর্ধেকেরও কম।খোঁজ নিয়ে জানা গেছে, মডিসিন বিভাগে ৩২টি, গাইনি বিভাগে আটটি, নাক, কান ও গলা বিভাগে ১১টি, চক্ষু বিভাগে সাতটি, শিশু বিভাগে ১৮টি, সার্জারি বিভাগে ২৪টিসহ মোট ১০০টি।চালু হয়নি ক্যাজুয়ালটি বিভাগ: ১৯৮৫ সালে হাসপাতালে ১১ তলা ভবনের নিচতলায় ক্যাজুয়ালটি ও জরুরি বিভাগের জন্য স্থান নির্ধারণ করা হয়। গুরুতর আহত রোগী মিটফোর্ড হাসপাতালে ঢুকলে তাদের চিকিৎসা দেওয়া যাচ্ছে না। ফলে, কেউ ভুল করে ঢুকে পড়লে ওই রোগীকে অন্যত্র যাওয়ার পরামর্শ দেওয়া হয়।রেডিওলজি বিভাগ: তিন সপ্তাহ ধরে এমআরআই যন্ত্রটি নষ্ট। এখানে এমআরআই পরীক্ষা করাতে খরচ হয় তিন থেকে চার হাজার টাকা। একই পরীক্ষা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে করালে খরচ পড়ে ছয় থেকে আট হাজার টাকা। রেডিওলজি বিভাগের অধ্যাপক ফরিদ আহমেদ প্রথম আলোকে বলেন, যন্ত্রটি মেরামতের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।হাসপাতালের উপপরিচালক (ভারপ্রাপ্ত) আবুল হাসেম খান প্রথম আলোকে বলেন, হাসপাতালে শয্যাসংখ্যা ও জনবল বাড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে কয়েক দফা চিঠি দিয়েছেন।