মিটফোর্ড হাসপাতালে হূদরোগ শল্য বিভাগ চালু হচ্ছে
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে হূদরোগ শল্য বিভাগ (কার্ডিয়াক সার্জারি) চালু হতে যাচ্ছে। ভবন নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। বিভাগটি চালু হলে এটি হবে দেশের কোনো সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম হূদরোগ শল্য বিভাগ। হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০৫ সালে বহির্বিভাগ ভবনের তৃতীয় তলায় হূদরোগ বিভাগ স্থানান্তর করা হয়। একই ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় হূদরোগ শল্য বিভাগ চালু হবে। বিভাগটি পূর্ণাঙ্গভাবে চালু করার জন্য প্রয়োজনীয় লোকবল ও যন্ত্রপাতি চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্রমতে, বিভাগটিতে একটি হূদরোগ নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), অস্ত্রোপচার-পরবর্তী সেবাকেন্দ্র (পোস্ট আইসিইউ), দুটি অস্ত্রোপচারকক্ষ, আটটি কেবিন ও ভাড়ার শয্যাসহ মোট ১০৩টি শয্যা থাকবে। হূদরোগ বিভাগের প্রধান অধ্যাপক আফজালুর রহমান প্রথম আলোকে বলেন, বিভাগটি চালু হলে পুরান ঢাকাসহ আশপাশের এলাকার মানুষ উপকৃত হবে। অন্যদিকে জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে রোগীর চাপ কমবে।হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খাদেমুল ইনসান মোহাম্মদ ইকবাল জানান, প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে একটি করে হূদরোগ শল্য বিভাগ চালু করার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নির্দেশের পরিপ্রেক্ষিতে মিটফোর্ড হাসপাতালে বিভাগটি চালুর উদ্যোগ নেওয়া হয়। তিনি আরও বলেন, আগামী জুলাইয়ের শেষে ভবনটির নির্মাণকাজ শেষ হবে। আগস্টে প্রেষণে জনবল নিয়োগের মাধ্যমে বিভাগের কার্যক্রম চালু করা হবে।