মিটফোর্ড হাসপাতালের তিন হিমঘরই বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে মৃতদেহ সংরক্ষণের তিনটি হিমঘরই বন্ধ। এর মধ্যে দুটি দীর্ঘ নয় মাস ধরে এবং একটি কয়েক দিন ধরে বন্ধ রয়েছে। হিমঘরের তাপনিয়ন্ত্রণযন্ত্র অকেজো হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে মৃতদেহ সংরক্ষণের ক্ষেত্রে বেহাল অবস্থা চলছে।গত শনিবার দুপুর ১২টার দিকে পুরান ঢাকার নয়াবাজারে সড়ক দুর্ঘটনায় চক-পেনসিল বিক্রেতা সাদেকুর রহমান গুরুতর আহত হয়ে মিটফোর্ড হাসপাতালে মারা যান। কিন্তু লাশঘরগুলো বন্ধ থাকায় সাদেকুর রহমানের লাশটি কয়েক ঘণ্টা বাইরে একটি রিকশাভ্যানের ওপর পড়ে ছিল। এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে।হাসপাতাল সূত্রে জানা যায়, ২৪টি মৃতদেহ সংরক্ষণের জন্য কেন্দ্রীয় ওষুধাগারের পক্ষ থেকে ২০০৭ ও ২০০৮ সালে মিটফোর্ড হাসপাতালে তিনটি হিমঘর স্থাপন করা হয়। এর মধ্যে একটি সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ও দুটি মিটফোর্ড হাসপাতালে স্থাপন করা হয়। বর্তমানে এ তিনটি হিমঘরই বন্ধ।জানা গেছে, হিমঘর মেরামতের বিষয়টি হাসপাতালের পক্ষ থেকে গত বছরের মে মাসে জাতীয় ইলেকট্রো মেডিকেল যন্ত্রপাতি মেরামতকারী প্রতিষ্ঠানকে লিখিতভাবে জানানো হয়। সেখান থেকে প্রতিনিধিদল এসে কলেজের হিমঘরটি মেরামত করলেও পাঁচ দিন আগে সেটি আবারও অকেজো হয়ে পড়ে। আর হাসপাতালের যন্ত্র দুটি অদ্যাবধি মেরামত করা হয়নি। বিষয়টি নিয়ে ফরেনসিক বিভাগ থেকে কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।হাসপাতালের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবুল হাসেম খান প্রথম আলোকে বলেন, কলেজের হিমঘরটি আবারও অকেজো হওয়ার বিষয়টি এখনো লিখিতভাবে তাঁদের জানানো হয়নি। হাসপাতালের হিমঘর দুটি মেরামত করতে সংশ্লিষ্ট সংস্থাকে বলা হলেও তেমন সাড়া পাওয়া যাচ্ছে না।তিনি বলেন, যন্ত্রগুলো হাসপাতাল কর্তৃপক্ষকে মেরামত করতে হলে দরপত্রপ্রক্রিয়াসহ নানা পদক্ষেপ নিতে হবে, যা অনেক সময়সাপেক্ষ।