মিটফোর্ড হাসপাতালের নারী চিকিৎসকদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তার দাবিতে মিটফোর্ড হাসপাতালের শিক্ষানবিশ নারী চিকিৎসকেরা ধর্মঘট করছেন। ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে তাঁরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করবেন বলে হুমকি দিয়েছেন। ধর্মঘটে অংশগ্রহণকারীরা প্রথম আলোকে বলেন, হোস্টেলে তাঁদের কোনো নিরাপত্তা নেই। প্রায় প্রতিরাতেই হোস্টেলে বহিরাগতরা ঢুকে পড়ে। মাসখানেক আগে এক রাতে তিন-চারটি কক্ষ থেকে মুঠোফোন ও টাকা চুরি হয়। সপ্তাহ খানেক আগে একজন নারী চিকিৎসক তাঁর কক্ষে এসে দুজন বহিরাগতকে দেখতে পান। চিকিৎসককে দেখে তারা পালিয়ে যায়। সর্বশেষ গত মঙ্গলবার সকাল সাতটায় একজন বহিরাগত একজন নারী চিকিৎসকের কক্ষে ছুরিসহ ঢুকে মুঠোফোন ও ল্যাপটপ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বিক্ষুব্ধ এক চিকিৎসক বলেন, বারবার নিরাপত্তা বিঘ্নিত হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। গত মঙ্গলবার ধর্মঘটের ঘোষণা দিলে কর্তৃপক্ষ সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেয়। কিন্তু পরে আর এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের উপপরিচালক আবুল হাশেম বলেন, শিক্ষানবিশ চিকিৎসকদের ধর্মঘট করার কোনো কারণ নেই। তাঁদের সব দাবি-দাওয়া মেনে নেওয়া হয়েছে।