মিটফোর্ডের রাস্তা পানিতে সয়লাব
মাটির নিচের পানির পাইপ ফেটে পুরান ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের পূর্ব পাশের রাস্তা পানিতে সয়লাব। এতে প্রতিদিন ওয়াসার প্রচুর পানি নষ্ট হচ্ছে। অন্যদিকে ব্যস্ত ওই এলাকায় পথচারীদের ভোগান্তি ও যান চলাচল বিঘ্নিত হচ্ছে। দেখা গেছে, ওয়াসার পানি সরবরাহ পাইপ ফেটে প্রতিনিয়ত পানি বের হয়ে যাচ্ছে। এলাকার মানুষ জানিয়েছেন, আট-নয় দিন আগে থেকে এভাবে পানি বের হচ্ছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত রোগী, তাঁদের আত্মীয়স্বজন, চিকিৎসক, সেবিকাসহ আশপাশের বাসিন্দা এবং প্রাইভেট কার, মাইক্রোবাস, রিকশা ও মোটরসাইকেলসহ যানবাহন করে। এখন সবারই অসুবিধা হচ্ছে।স্থানীয় লোকজন জানান, মাঝেমধ্যে ওই একই জায়গার পাইপ ফেটে পানি বের হয়। দুর্বল মেরামতের কারণে এমন হয় বলে স্থানীয় লোকদের ধারণা। ঢাকা ওয়াসার অঞ্চল-২-এর নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘আজ (সোমবারের মধ্যে) ফাটা পাইপ মেরামত করা হবে।’প্রতিবাদগতকাল রোববার প্রথম আলোয় প্রকাশিত ‘পবার অভিযোগ নিকুঞ্জে লেক ভরাট করছে ইভেন্স গ্রুপ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ করেছেন ইভেন্স গ্রুপের উপদেষ্টা আমিন আহমেদ চৌধুরী। এতে বলা হয়েছে, পবার (পরিবেশ বাঁচাও আন্দোলন) ও নিকুঞ্জ আবাসিক এলাকা কল্যাণ সমিতির বক্তব্য সত্য নয়। ইভেন্স গ্রুপের জমি কোনো জলাশয় বা লেক নয়। এটি একটি বেসরকারি জায়গা। প্রতিবেদকের বক্তব্য: এটা প্রথম আলোর কোনো বক্তব্য বা অনুসন্ধান ছিল না। সংগঠন দুটি আয়োজিত কর্মসূচির ভিত্তিতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।