মিটারে না যাওয়ায় সিএনজি চালককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিটারে না গিয়ে চুক্তিতে যাত্রীর কাছ থেকে বেশি ভাড়া আদায়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের মানিক মিয়া এভিনিউতে ইকবাল হোসেন নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে দুই হাজার টাকা জরিমানা করেছেন। এ ছাড়া কালো ধোঁয়ার কারণে ছয়টি বাস এবং শব্দদূষণ, হাইড্রোলিক হর্ন ব্যবহার ও গাড়ির ফিটনেস না থাকায় আরও ১১টি যানবাহনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএর পরিদর্শক আকরাম হোসেন জানান, সিএনজিচালক ইকবাল হোসেন রাজধানীর খিলগাঁও থেকে যাত্রী তোলেন। তিনি মিটারে না গিয়ে চুক্তিতে যাত্রী বহন করছিলেন। আদালত সিএনজি থামানোর নির্দেশ দেওয়ার পর যাত্রী ভয়ে পালিয়ে যান। এ সময় চালক আদালতের কাছে চুক্তিতে ভাড়ায় যাওয়ার কথা স্বীকার করেন। গতকাল সকাল সোয়া ১০টার দিকে পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রাজধানীর শেরেবাংলা নগর রাজধানীর উচ্চবিদ্যালয়ের সামনে অবস্থান নেন। গাড়ির ধোঁয়ায় কার্বন মনোঅক্সাইডের গ্রহণযোগ্য পরিমাণ শতকরা চার ভাগ এবং হাইড্রোকার্বনের পরিমাণ ১৮০ পিপিএম। বিভিন্ন যানবাহন পরীক্ষা করে অধিক মাত্রায় কার্বন মনোঅক্সাইড ও হাইড্রোকার্বন পাওয়ার অপরাধে আটটি বাসকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় একটি বাসকে চলাচল অযোগ্য বা অকেজো ঘোষণা করা হয়। কাগজপত্র ও যানবাহনে ত্রুটি থাকায় যানবাহন আইনে ১৪টি যানবাহনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। গাড়ির হর্নের শব্দের মান রয়েছে ১০০ ডেসিবেল। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা শব্দযন্ত্রের সাহায্যে গাড়ির হর্ন পরীক্ষা করে অনেক গাড়িতেই হর্নের শব্দ ১০০ ডেসিবেলের বেশি পান। এ সময় হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় অনেক গাড়ি থেকে তা সরিয়ে ফেলা হয়। পরে একই আদালত রাজধানীর কাওরানবাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত পলিথিন ব্যাগ রাখার অপরাধে ১৯ জন ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। এ সময় বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়। গতকাল দুপুর দেড়টার দিকে আদালত কাওরানবাজারে এই অভিযান চালান। ব্যবসায়ীদের মধ্যে শাহজাত হোসেন, আসলাম হোসেন, সালাউদ্দিন, হূদয় আহমেদ, জাকির, বাবুল হোসেন, রফিক, আতিকুজ্জামান, মোহাম্মদ আলী, সৈকত, মাসুদ, আরিফ, ওমর ফারুক ও স্বপনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। অন্যদিকে, ব্যবসায়ী জাকির হোসেন, আক্তার হোসেন, শাহআলম ও সেকেন্দার আলীকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক সুকুমার বিশ্বাস বলেন, যানবাহনে কালো ধোঁয়া ও হাইড্রোলিক হর্ন পরিবেশকে দূষিত করছে। এর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।সুকুমার বিশ্বাস ও ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।