মিনিবাসের ধাক্কায় অটোরিকশার চালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শেরেবাংলা নগর থানার শুক্রাবাদে গতকাল মঙ্গলবার দুপুরে মিনিবাসের ধাক্কায় সদর খাঁ (২৮) নামের এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ছাড়া গত সোমবার যাত্রাবাড়ীতে এক কলেজছাত্রীর অপমৃত্যু হয়েছে। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।শেরেবাংলা নগর থানার এসআই জাহাঙ্গীর হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, দুপুরে সদর খাঁ শুক্রাবাদ ওভারব্রিজের নিচে সড়কের পাশে অটোরিকশা রেখে দাঁড়িয়েছিলেন। এ সময় গাবতলী থেকে গুলিস্তানগামী ৭ নম্বর রুটের একটি মিনিবাস তাঁকে সজোরে ধাক্কা দেয়। সদর খাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বাসসহ চালক শহীদুল্লাহকে আটক করা হয়েছে। সদর খাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জে। তাঁর বাবার নাম আমির খাঁ।