মিরপুর, বাড্ডা ও কামরাঙ্গীরচরে শতাধিক ঘর পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর, বাড্ডা ও কামরাঙ্গীরচরে গত সোমবার রাতে তিনটি অগ্নিকাণ্ডে শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার দিবাগত রাত দুইটার দিকে মিরপুর ৭ নম্বর সেকশনের ২ নম্বর সড়কের ১৯ নম্বর প্লটে ঝিলপাড় বস্তিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গা ঘেঁষে গড়ে ওঠা একের পর এক ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এ সময় ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ চারজন অগ্নিনির্বাপণকর্মী আহত হন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়। এতে ৬৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসব ঘরে নিম্নআয়ের লোকজন থাকে।জানা গেছে, শেষ আশ্রয়টুকু হারিয়ে সহায়-সম্বলহীন মানুষগুলো শিশুসন্তান নিয়ে এখন খোলা আকাশের নিচে কাটাচ্ছে। সব হারিয়ে তারা বুক চাপড়ে কাঁদছে। পুড়ে যাওয়া স্তূপের মধ্যে স্মৃতি খুঁজে চলেছে। বস্তিবাসীরা জানায়, আগুনে তাদের সারা জীবনের সঞ্চিত সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন তারা কোথায় যাবে। ওই দিন রাত পৌনে তিনটার দিকে কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুরের ৫০ কক্ষের দীর্ঘ একটি ছাপরা ঘরে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন ধরে যায়। কক্ষের বাসিন্দারা দ্রুত বাসা থেকে নেমে বেরিয়ে আসে। দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ১০ ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এতে ৫০টি ঘর ভস্মীভূত হয়েছে। স্থানীয় লোকজন জানায়, ক্ষতিগ্রস্ত ঘরগুলোর মালিক নুর হোসেন, মনোয়ার, কাজী একরাম ও ফাতেমা বেগম। তাঁরা টিনের ছাপরা ঘর তুলে নিম্নআয়ের লোকজনের কাছে ভাড়া দিয়েছিলেন। বাসিন্দারা জানায়, তারা প্রাণ নিয়ে বেরিয়ে এলেও সঙ্গে কিছু আনতে পারেনি। সারা জীবনের সঞ্চয় করা অর্থ দিয়ে কেনা তাদের সব কিছু চোখের সামনে পুড়ে গেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া তাদের করার আর কিছুই ছিল না। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে গ্যাসলাইন থেকে মধ্যবাড্ডার গুদারাঘাটের ৩ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেললেও এর আগে তিনটি ঘর পুড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।